অমিতাভের মতো কাউকে আগে দেখিনি: রেখা
অমিতাভ বচ্চন ও রেখা। ছবি: ইন্ডিয়া টুডে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ | ১৬:১৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ | ২০:০৪
বলিউডে আলোচিত প্রেমের গল্পগুলোর একটি অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক। ১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘সিলসিলা’ ছবির শুটিংয়ের সময় ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। তবে দু’জনের কেউই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি কখনো। অমিতাভ-রেখার সম্পর্ক নিয়ে তাই আজও দর্শকদের মধ্যে কৌতূহল।
সিমি গারেওয়ালের অনুষ্ঠানে অভিনেত্রী রেখা একবার সাক্ষাৎকার দেন, সেখানে তিনি বলেন- ‘অমিতাভের সামনে দাঁড়ানো ছিল ভয়ংকর রকমের চাপের বিষয়। কাজটা মোটেও সহজ ছিল না। তবে তার উপস্থিতি এবং ব্যক্তিত্বে আমি মুগ্ধ ছিলাম।’
স্মৃতিচারণা করে রেখা বলেন, 'একদিন শুটিংয়ের সময় নার্ভাস হয়ে নিজের সংলাপ ভুলে যাই।' রেখা জানান, ১৯৭৬ সালের ‘দো আনজানে’ সিনেমায় অমিতাভের সঙ্গে কাজ করেই তার অভিনয়জীবনে বড় পরিবর্তন আসে। অমিতাভের নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখে তিনি নিজের কাজের প্রতি নতুনভাবে মনোযোগী হন। রেখা বলেন, 'অমিতাভ বচ্চনের মতো কাউকে আগে আমি দেখিনি। এতো গুণ কীভাবে একজন মানুষের মধ্যে থাকতে পারে তা বুঝতে পারিনি আজও।'

অমিতাভ বচ্চন ও রেখা। ছবি: কইমই
অভিনেত্রী রেখা ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন; কিন্তু বছর না ঘুরতেই মারা যান মুকেশ। অন্যদিকে, অমিতাভ ১৯৭৩ সালে জয়া বচ্চনকে বিয়ে করেন।
অমিতাভ ও রেখা একসঙ্গে কাজ করেছেন অনেক বিখ্যাত ছবিতে, যার মধ্যে রয়েছে- ‘দো আঞ্জানে’, ‘মি. নাটওয়ারলাল’, ‘সুহাগ’, ‘মুকাদ্দার কা সিকান্দর’ ও ‘সিলসিলা’।সূত্র: এনডিটিভি
- বিষয় :
- অমিতাভ বচ্চন
- রেখা
