নিঃস্ব করে চলে যান স্ত্রী, নষ্ট হয়ে যায় নায়কের ক্যারিয়ারও
‘নিকাহ’ সিনেমার একটি দৃশ্যে অভিনেত্রী সালমা আগা ও অভিনেতা দীপক পরাশর। ছবি: দ্য ইন্ডিয়া এক্সপ্রেস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৬:২৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ | ১৮:২৫
আশির দশকে সংবাদপত্রে অভিনেতা দীপক পরাশরকে অমিতাভ বচ্চনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বলে ঘোষণা করা হয়েছিল। কারণ, ‘ইনসাফ কা তারাজু’, ‘নিকাহ’, ‘শারাবি’সহ বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সেই সময় নানা বিতর্ক ও গুজবের মুখে পড়েন দীপক। বিশেষ করে তার নামের সঙ্গে যুক্ত হয় সমকামীতার মত গুরুতর অভিযোগ। ফলে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ায় বাধ্য হয়ে তিনি বি-গ্রেড সিনেমায় অভিনয় করতে শুরু করেন।
সিনেমার পাশাপাশি দীপক পরাশরের ব্যক্তিগত জীবনও তখন ভেঙে পড়ে। ১৯৮৭ সালে তাদের মেয়ের বয়স মাত্র পাঁচ মাস, তখন দীপককে ছেড়ে চলে যান স্ত্রী সারিতা। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকার পর ফিরে আসা কঠিন ছিল উল্লেখ করে দীপক।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দুর্ঘটনার পর তার স্ত্রীর আচরণ সম্পূর্ণ বদলে যায়। একদিন তার স্ত্রী তাকে বলেন- ‘আমি শুধু গ্ল্যামারের জন্য তোমাকে বিয়ে করেছি।’

দীপক পরাশর। ছবি: ফেসবুক
বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরও বড় বিপর্যয় নেমে আসে দীপকের জীবনে। তিনি জানান, টাকা পয়সা, সোনাদানা সবকিছু বাড়িতেই রাখা হতো। একদিন মায়ের কাছে আলমারি থেকে কিছু টাকা নিতে গিয়ে দেখেন সবকিছু ফাঁকা। ব্যাঙ্ক লকারে কিছুই নেই।
তিনি বলেন, ‘গহনা-টাকা সবকিছু নিয়ে চলে যান স্ত্রী সারিতা। সেই সময় আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছিলাম।’
ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা নানা গুজব, বিশেষ করে তার যৌনতা নিয়ে ওঠা জল্পনা প্রসঙ্গেও দীপক স্পষ্ট কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি কখনও নিজের যৌনতা নিয়ে প্রকাশ্যে কিছু বলিনি। কারণ, তার কোনও প্রয়োজনও নেই। আমি সমকামী নই। আমাকে নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়ানো চেষ্টা করেছে। আমার ক্যারিয়ার নিয়ে সে সময় অনেকে সিংসা করতো। এর থেকে বেশি কিছু না।’

দীপক পরাশর ও অমিতাভ বচ্চন। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
তিনি আরও উল্লেখ করেন, এই ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন যাদের সমকামী হওয়ায় তাদের কেরিয়ারে কোনও প্রভাব পড়েনি, তাই তিনি বিশ্বাস করেন না যে একটি গুজব তার ক্যারিয়ার নষ্ট করতে পারে।
আশির দশকের শুরুর দিকে বিআর চোপড়ার প্রযোজনায় বেশ কিছু সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন দীপক। তার মতে, সেই সময় অমিতাভ কিছুটা নিরাপত্তার অভাব অনুভব করতেন হয়তো। কারণ, দীপক তখন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় অনেক জনপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করছিলেন।
ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপক বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, তখনই একজন তারকা হিসেবে এসেছি। একটু ঈর্ষা বোধ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এটা কখনোই ব্যক্তিগত হওয়া উচিত নয়। আমি মিস্টার বচ্চনের কথা বলছি না- অনেকেই এমন আচরণ করেন। জয়া বচ্চন ও অভিষেক বচ্চন-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজও বজায় রয়েছে।’ সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ওয়াল।
- বিষয় :
- বলিউড
- সিনেমা
- নায়ক
- অমিতাভ বচ্চন
