সীমান্তবর্তী জেলায় বর্ণাঢ্য আয়োজনে ইত্যাদি
ইত্যাদির সঞ্চালনায় হানিফ সংকেত। ছবি: ইত্যাদির সৌজন্যে।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ১৪:০৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ | ১৫:৫৩
নব্বইয়ের দশক থেকেই শিকড়ের সন্ধানে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে এর বিভিন্ন পর্ব। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নসম্পদ ও জনজীবনের নানা দিক দর্শকের সামনে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত, পলি গঠিত এবং ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। মঞ্চ নির্মাণ করা হয় দেড়শ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ‘উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে। ইত্যাদির ধারণ উপলক্ষে পুরো কুড়িগ্রাম জুড়ে ছিল উৎসবের আমেজ। দুপুরের পর থেকেই দর্শকরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য ছিল বিশেষ আমন্ত্রণপত্র, যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল।

ভাওয়াইয়া কুড়িগ্রাম অঞ্চলের মানুষের প্রাণের গান। তাই এবারের পর্বজুড়েই ছিল ভাওয়াইয়ার সুর ও ঐতিহ্যের ছোঁয়া। কখনও নাটিকায়, কখনও প্রতিবেদনে, কখনও বা গানে। অনুষ্ঠানে আছে দুটি গান। শুরুতেই কুড়িগ্রামের ইতিহাস ও কৃষ্টিকথা নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে পরিবেশিত হয় নৃত্যনাট্য, যেখানে অংশ নেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন এস. কে. জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী। এ ছাড়া চিলমারী বন্দরকে কেন্দ্র করে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের গাওয়া বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুন করে গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় লোকশিল্পী সালমা আক্তার ও ভাওয়াইয়া শিল্পী পূর্ণচন্দ্র রায়। সংগীতায়োজন করেছেন মেহেদী। দর্শকপর্বের নিয়ম অনুযায়ী কুড়িগ্রামকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত করা হয় চারজন দর্শককে। দ্বিতীয় পর্বে তাদের অংশগ্রহণে সাজানো হয় কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সংগীত নিয়ে একটি সুরভরা সেগমেন্ট, যেখানে সহযোগিতা করেছে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ।
শিকড় সন্ধানী ‘ইত্যাদি’ সবসময়ই তুলে ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারবিমুখ, জনকল্যাণে নিবেদিত মানুষদের গল্প, অজানা ইতিহাস ও শিক্ষামূলক তথ্যভিত্তিক প্রতিবেদন। এবারের পর্বেও আছে কয়েকটি অনবদ্য প্রতিবেদন। কুড়িগ্রাম জেলার ইতিহাস-ঐতিহ্য, মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, বীরপ্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধকালীন কুড়িগ্রাম, চিলমারী নদী বন্দরসহ নানা বিষয়ে তথ্যনির্ভর উপস্থাপনা। নিয়মিত চিঠিপত্র পর্ব ছাড়াও থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, নিপু, আবু হেনা রনি, শাওন মজুমদার, সাবরিনা নিসা, জামিল হোসেন, রিমু রোজা খন্দকার, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, হানিফ পালোয়ান, নজরুল ইসলাম, সূচনা শিকদার, রাজীব সালেহীন, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে। ইত্যাদির এই বিশেষ পর্বটি প্রচারিত হবে আগামী ৩১ অক্টোবর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।
- বিষয় :
- হানিফ সংকেত
- ইত্যাদি
