ঢাকায় 'কণ্ঠ'-এর পুরো দল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৩:৪৬ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ০৬:২০
কলকাতায় সাফল্যের পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ছবি ‘কণ্ঠ’। আগামী শুক্রবার মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষে ছবির পুরো টিম নিয়ে হাজির জয়া।
বৃহস্পতিবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হবে ‘কণ্ঠ’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। এতে জয়া আহসান ছাড়াও ছবির টিম মেম্বার শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পাওলি দামসহ অনেকে উপস্থিত থাকবেন।
জয়া আহসান সমকাল অনলাইনকে বলেন, বাংলাদেশে কণ্ঠর মুক্তি উপলক্ষে সবাই আসছেন। ৬ থেকে ৯ নভেম্বর আমরা ঢাকায়। এরপর কলকাতায় ফিরে যাবেন সবাই।
গত ১০ মে ভারতে মুক্তি পায় ‘কণ্ঠ’। ছবিটির কাহিনি লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি একাধারে বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা। শিবপ্রসাদ ও নন্দিতা যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন।
‘কণ্ঠ’ ছবিটি ঢাকাসহ সারাদেশের ১৯টি হলগুলোর মধ্যে রয়েছে ঢাকার বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার্স, শ্যামলী সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড ও মধুমিতা, বর্ষা (জয়দেবপুর), বগুড়ার সোনয়িা ও মম ইন, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিনেমাপ্লেস ও আলমাস, ছায়াবানী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা), শংখ, লিবার্টি (খুলনা), অভিরুচি (বরিশাল), মনিহার (যশোর), মর্ডান (দিনাজপুর) এবং নন্দিতা (সিলেট)।
এটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ছবিটি আমদানিকারক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। কণ্ঠের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’। দুটি ছবিরই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
বাস্তব ঘটনা নিয়ে নির্মিত 'কণ্ঠ'। ১৯৯৯ সালে টেলিভিশনে কাজ করার সময় বিভূতি চক্রবর্তী নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় গল্পকারের। লোকটি কণ্ঠ ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হন। তার কাছে ক্যানসারের সঙ্গে সেই লড়াইয়ের গল্প শুনেছিলেন গল্পকার। সেখান থেকেই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা রায়, সংলাপ লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।