নিজের মতো থাকা মানে আড়ালে থাকা নয়: বুবলী
অনিন্দ্য মামুন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৫:৪০ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ০৬:৫৫
ঢাকাই ছবির আলোচিত নায়িকা শবনম বুবলী। বেশ কিছুদিন হলো খোঁজ মিলছেনা তার! খবরে নেই, নতুন ছবির শুটিংয়েও নেই। মোবাইল ফোনও বন্ধ! বলা যায় যোগাযোগের বাইরে তিনি। বিষয়টি নিয়ে নানা গুঞ্জনের ডালপালা মেলে। অবশেষে মঙ্গলবার পাওয়া গেলো এ নায়িকাকে। সমকাল অনলাইনকে জানালেন আড়ালে থাকার কারণ।
মোবাইল, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক কোথাও আপনি নেই! হুট করে আড়াল হলেন কেনো?
বেশ কিছুদিন যোগাযোগের বাইরে আছি এটা সত্যি। তবে বাইরে থাকার নির্দিষ্ট কারণও কিন্তু আছে। আমার আম্মু অসুস্থ। তাকে ডাক্তার দেখাতে সিঙ্গাপুরে গিয়েছিলাম। তখন মোবাইলে অনেকেই পাননি আমাকে। আর বেশ কিছুদিন আগে আমার ফেসবুক আইডি হ্যাকড হয়। তাই ফেসবুক ডিজেবল করে রাখা। তবে আড়ালে আছি ব্যাপারটা ঠিক নয়। আড়ালে ছিলামও না। আপনাদের মাঝেই আছি, কাজের সঙ্গেই আছি।

তার মানে এটাকে আড়ালে থাকা বলতে চান না আপনি?
অবশ্যই আড়ালে ছিলাম না। আমি যে একটু প্রচার বিমুখ মানুষ এটা আপনারা সবাই জানেন। কাজের বাইরে মিডিয়ার মানুষদের সঙ্গে আড্ডা দেওয়া খুব একটা হয়না। ব্যক্তি হিসেবে আমি বরাবরই চুপচাপ এবং নিজের মতো থাকতে পছন্দ করি। এটাকে তো আড়ালে যাওয়া বলতে পারেন না। নিজের মতো থাকাকে এড়িয়ে যাওয়াও মনে করতে পারেন না।
চলচ্চিত্র শিল্পীদের প্রাণের সংগঠন শিল্পী সমিতি। ভোটের আগে আপনাকে ফোন করে অনেকে পায়নি। ভোটের দিনও তো দেখা যায়নি...
চলচ্চিত্র শিল্পী সমিতি অবশ্যই আমাদের সবার প্রাণের সংগঠন। ভোটের আগেও অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে। আর শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতেও গিয়েছিলাম। ওইদিন দুপুরের দিকে ভোট দিতে যাই। ভিড় কম ছিল বলে সাংবাদিকদের সঙ্গে দেখা হয়নি। তবে মিশা ভাই, মৌসুমী আপু, বিদ্যা সিনহা মিমসহ অনেক শিল্পীর সঙ্গেই দেখা হয়েছে। তাদের সঙ্গে খানিকটা সময় আড্ডাও দিয়েছি।
বোরখা পরে এসেছিলেন মনে হয়...
নাহ! সাধারণ ড্রেসেই এসেছিলাম।
তাহলে বুবলী উধাও হওয়ার খবর এলো কীভাবে?
কয়েকদিন যোগাযোগ করতে না পারলেই যে একজন শিল্পী উধাও- এটা ভাবা ঠিক না। একজন শিল্পীর নানা ব্যস্ততা থাকতে পারে। তারও ব্যক্তিগত জীবন আছে, পরিবার আছে।
কাজী হায়াতের ‘বীর’ ছবির কাজ শুরুর কথা থাকলেও তা পিছিয়েছে। কবে শুরু ছবিটির শুটিং?
এ মাসের শেষ বা মাঝামাঝিতে বীর ছবির শুটিং শুরু হবে। আপাতত সবাই শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।
এছাড়া নতুন কোন চলচ্চিত্রে কি চুক্তিবদ্ধ হয়েছেন?
নতুন কিছু চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে। সেভাবে নিজেকে তৈরি করছি। আমি তো সবসময় বলেছি, সিনেমার সংখ্যার থেকে সিনেমার মান আমার কাছে গুরত্বপূর্ণ। মানহীন অনেক সিনেমা করে এটা প্রমাণ করতে চাই না যে আমি কাজ করছি অনেক। আমি ভালো কনটেন্টের সঙ্গে থাকতে চাই। ভালো গল্প, ভালো নির্মাতা হলে যে কারো সঙ্গে ছবি করবো এটা অনেকবার বলেছি। এখন এটা আবার বলে বিরক্ত করতে চাইনা। আমার দর্শকরা অবশ্যই প্রমাণ পাবেন। আমি তো দর্শকদের জন্যই কাজ করি। তাদের ভালো লাগবে না- এমন কাজ করতে চাইনা।