ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নবমবারের মতো রাজধানীতে শুরু হচ্ছে 'ঢাকা লিট ফেস্ট'

নবমবারের মতো রাজধানীতে শুরু হচ্ছে 'ঢাকা লিট ফেস্ট'
×

বক্তব্য রাখেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ১০:১৫

বাংলা একাডেমি চত্বরে নবমবারের মতো শুরু হতে যাচ্ছে ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল (ঢাকা লিট ফেস্ট)। বৃহস্পতিবার  শুরু হয়ে এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। 

এ সাহিত্য উৎসবে পাঁচ মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নেবেন। দেশি-বিদেশি সাহিত্য অঙ্গনের রথি-মহারথিদের মিলন মেলায় ভরে উঠবে রাজধানীর বাংলা একাডেমি চত্বর। তিন দিনের এ আয়োজনে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত বুকারপ্রাপ্ত ব্রিটিশ লেখক মনিকা আলী, ভারতীয় রাজনীতিক শশী থারুর, কথাসাহিত্যিক উইলিয়াম ডালরিম্পল প্রমুখ। দুই বাংলার জনপ্রিয় বাংলাভাষী লেখক শংকর আসছেন এবারের উৎসবে। সঙ্গে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক শাহীন আখতার, সৈয়দ মনজুরুল ইসলাম, আসাদ চৌধুরী, রুবী রহমান, সেলিনা হোসেন প্রমুখ।

এ উপলক্ষে  মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা লিট ফেস্টের আয়োজকরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌, কাজী আনিস আহমেদ, আহসান আকবর, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাদাফ সায্‌ বলেন, দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ সমাজের বিভিন্ন প্রসঙ্গে নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ থাকছে জনসাধারণের জন্য। শুধু যে লিট ফেস্টের ৯০টির বেশি সেশন অনুষ্ঠিত হবে তা নয়, এখানে রয়েছে বইয়ের সমারোহ, দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার উন্মুক্ত মঞ্চ। বই প্রকাশ এবং বইয়ের মোড়ক উন্মোচনও অনুষ্ঠিত হবে এ আয়োজনে। লোকশিল্পীদের উপস্থিতিও থাকবে এ আয়োজনে, থাকছেন শিল্পী চন্দনা, মাইজভাণ্ডারি শিল্পীগোষ্ঠী। আমাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সাহিত্য বিশ্বের কাছে তুলে ধরা। এছাড়াও অংশ নিচ্ছেন ভারতীয় সাংবাদিক প্রেয়াগ আকবর, প্রিয়াঙ্কা দুবে, ফিনিশ সাংবাদিক মিন্না লিন্ডগ্রেন, ডিএসসি পুরস্কারপ্রাপ্ত লেখক এইচএম নাকভি, ব্রাজিলের কথাসাহিত্যিক ইয়ারা রড্রিগেজসহ আরও অনেকে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদাফ বলেন, ঢাকা লিট ফেস্ট ২০২০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে। আর এ বছর জাতির জনককে নিয়ে থাকছে অসংখ্য সেশন।

জাফর সোবহান বলেন, 'এটি এমন একটি উৎসব যেখানে বাংলাদেশকে আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারি, বিশ্বসাহিত্য ও চিন্তাকে বাংলার মানুষের কাছে তুলে ধরতে পারি। ঢাকার প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই আয়োজন ইতোমধ্যে মানুষের হৃদয় কেড়েছে। আশা করি এবারও সাহিত্যামোদীরা হতাশ হবেন না। ঢাকা ট্রিবিউন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভীষণ গর্বিত।

জুলফিকার রাসেল বলেন, এটা যেহেতু একটা উৎসব, এ উৎসবে শুধু সাহিত্যিক নন, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এখানে আসেন এবং তারা আলোচনা করেন। দেশের বাইরে থেকে যে বরেণ্য ব্যক্তিরা আসেন, তাদের সঙ্গে আমাদের দেশের যারা আছেন, বিভিন্ন জেনারেশনের তারা আলোচনা করার সুযোগ পান। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, একজন বাংলা ভাষার লেখক হয়ে আমি ব্যক্তিগতভাবে এবং সিটি ব্যাংকের প্রতিনিধি হিসেবে এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে গর্বিত। এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে বইয়ের কাছে ফিরিয়ে আনা হচ্ছে এ উৎসবের মাধ্যমে। সিটি ব্যাংক সবসময় ঢাকা লিট ফেস্টের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

প্রথম দিন এই উৎসবে দেওয়া হবে বাংলাদেশের জনপ্রিয় সাহিত্য সম্মাননা জেমকন সাহিত্য পুরস্কার। উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্মিত ডকুফিল্ম 'হাসিনা :অ্যা ডটার্স টেল'। প্রদর্শন শেষে চলচ্চিত্র নির্মাতা পিপলু খান বলবেন এর নির্মাণ অভিজ্ঞতা নিয়ে। এছাড়া ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কৌশিক মুখার্জি আসছেন তার চলচ্চিত্র নিয়ে আলাপ করতে। উৎসবটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য মুখর থাকবে বিভিন্ন আয়োজনে।

দর্শনার্থী ও সাহিত্যপ্রেমী থেকে শুরু করে সকল অঙ্গনের মানুষের জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে, যেটি নিশ্চিত করবে অংশগ্রহণকারীর পরিচয়। রেজিস্ট্রেশনের মাধ্যমে পাওয়া ই-টিকিটটি ব্যবহূত হবে আয়োজনে অংশগ্রহণকারীর প্রবেশপত্র হিসেবে। তবে সবার সুবিধার্থে ই-টিকিটটি প্রিন্ট বা ইলেকট্রনিক ডিভাইসে বহন গ্রহণযোগ্য হবে। রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করতে হবে এই ঠিকানায় : https://www.dhakalitfest.com/register

ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়। এটির টাইটেল স্পন্সর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন নিউজপেপার বাংলা ট্রিবিউন, প্লাটিনাম স্পন্সর সিটি ব্যাংক। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে রয়েছে যাত্রিক। সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলা একাডেমি। এছাড়াও গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক। এছাড়া আরও পার্টনার হিসেবে রয়েছে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, নগদ, স্কলাস্টিকা, বিকাশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ব্রিটিশ কাউন্সিল, ইন্টার কন্টিনেন্টাল, ঢাকাস্থ নরওয়েজিয়ান দূতাবাস, গোথে ইনস্টিটিউট, ইএমকে সেন্টার অন্যান্য।

আরও পড়ুন

×