সংখ্যা গুনে কাজ করি না: জ্যোতি
সমু সাহা
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০০:০৪
জ্যোতিকা জ্যোতি। মডেল ও অভিনেত্রী। আগামী ৮ নভেম্বর শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'ফার্নিচার' নির্বাচিত হয়েছে। এ নিয়ে কথা হলো তার সঙ্গে-
'ফার্নিচার' কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। নিশ্চয়ই ভিন্ন রকম ভালো লাগা কাজ করছে ...
অবশ্যই। তবে শুধু ভালো লাগা নয়, এটি আমার জন্য ভীষণ গর্বেরও। 'ফার্নিচার' ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের জাতীয় প্রতিযোগিতা [স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র] শাখায় নির্বাচিত হয়েছে। এ বিভাগে সব মিলিয়ে ছয়টি ছবি নির্বাচিত হয়েছে। এত বড় আয়োজনে ছবিটি নির্বাচিত হওয়া চাট্টিখানি কথা নয়।
ছবিতে কীভাবে যুক্ত হলেন?
এ ছবির পরিচালক নাজমুস সাকীব হিমেলের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। এর আগে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের স্বল্পদৈর্ঘ্য ছবি 'ফাঁকি'তে কাজ করেছিলাম। সে সময় তার সঙ্গে পরিচয় হয়। সে কাজের সূত্র ধরেই এ ছবিতে আমি অভিনয় করি।
এতে আপনার অভিনীত চরিত্রটি কী রকম?
সিনেমায় কেন্দ্রীয় চরিত্র 'পারভীন'-এর ভূমিকায় অভিনয় করেছি আমি। যাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিতে হয়। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন দীপক সুমন।
'ফার্নিচার'-এর প্রেক্ষাপট কী নিয়ে?
সদ্য গ্রাম থেকে মফস্বল শহরে আসা একটি পরিবারকে কেন্দ্র করে ছবির গল্প সাজানো হয়েছে। কিন্তু মফস্বলে আসার পর পরিবারটিকে ভিন্ন রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। ঘরে ফার্নিচার না থাকায় পরিবারটিকে কিছু লোক সামাজিক চাপের মুখে ফেলে দেয়। সিনেমায় উঠে আসে পরিবারটি কীভাবে এই উদ্ভূত চাপ মোকাবিলা করে। পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্কের রাজনীতিও এতে ফুটে ওঠে। পাশাপাশি গল্পে আরও তুলে ধরা হয়েছে দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট।
চলচ্চিত্রে ব্যস্ততার কারণেই কি আজকাল টিভি নাটকে আপনাকে তেমন দেখা যাচ্ছে না?
ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু এত ব্যস্ত নই যে, নাটকে অভিনয় করতে পারছি না। আসলে এর মধ্যে যে ধরনের নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, সেগুলোয় কাজ করার মোটেও ইচ্ছা হয়নি। অনেক কাজই তো করলাম, কিন্তু দর্শক কয়টা কাজের কথা মনে রেখেছেন? শুধু সংখ্যা গুনে কাজ করতে চাই না। যে কাজ করে নিজে আনন্দ পাব, দর্শকেরও ভালো লাগবে, সেটাই করতে চাই।
- বিষয় :
- জ্যোতিকা জ্যোতি
- সাক্ষাৎকার
- বিনোদন