ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাত ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে আর্বোভাইরাস

সাত ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে আর্বোভাইরাস
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০০:০৮

জনপ্রিয় ও আন্ডারগ্রাউন্ড ব্যান্ডদের নিয়ে 'রকারোলা' কনসার্টে পারফর্ম করতে যাচ্ছে আর্বোভাইরাস। দেশের আলোচিত রক-মেটাল ঘরানার এই ব্যান্ডের সঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশন করবে আরও সাতটি ব্যান্ড। সে তালিকায় আছে আর্টসেল, পাওয়ারসার্চ, মেকানিক্স, ডট, সিন, ওনেড ও ট্রেইনরেক। এই কনসার্টের আয়োজন করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট। 

আগামী ৮ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে 'রকারোলা' কনসার্ট করার সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু বিশেষ কিছু কারণে হয়তো কনসার্টের ভেন্যুর পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় ভেন্যু হতে পারে রাজধানীর যমুনা ফিউচার পার্ক। কনসার্টের ভেন্যু চূড়ান্ত হলে দর্শক-শ্রোতাদের জন্য তা আজ ঘোষণা দিয়ে জানানো হবে।

রকারোলা কনসার্ট নিয়ে আর্বোভাইরাস ব্যান্ডের ড্রামার নাফিজ আল-আমিন বলেন, রক ও মেটাল ঘরানার ব্যান্ডদের নিয়ে অনেকদিন পর এমন একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে আন্ডারগ্রাউন্ড থেকে উঠে আসা জনপ্রিয় এবং সম্ভাবনাময় বেশ কিছু ব্যান্ড পারফর্ম করতে যাচ্ছে। মূলত আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর পরিবেশনা ও শ্রোতাদের কাছে তাদের পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।

আরও পড়ুন

×