ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘কণ্ঠ’ দেখতে জয়ার আহ্বান

‘কণ্ঠ’ দেখতে জয়ার আহ্বান
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৮:৩১ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০৮:৫০

শুক্রবার থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আলোচিত ছবি ‘কণ্ঠ’। সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে  মুক্তি পাচ্ছে ছবিটি।বিনিময়ে কলকাতায় যাচ্ছে জয়া আহসান অভিনীত আরেকটি ছবি খাঁচা।

বাংলাদেশে ‘কণ্ঠ’র মুক্তি উপলক্ষে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলনের। যেখানে শিবপ্রসাদ ও নন্দিতা ছাড়াও উপস্থিত ছিলেন জয়া আহসান ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

সর্বশেষ বাংলাদেশে জয়া অভিনীত ও প্রযোজিত দেবী ছবি মুক্তি পায়। এই কণ্ঠের মাধ্যমে দেবীর পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে জয়ার ছবি মুক্তি পাচ্ছে। কণ্ঠের বেলায়ও দেবীর মতোই দৌড়ঝাঁপ করছেন জয়া। এই দৌড়ঝাঁপের কারণ হিসেবে জানালেন, তার অভিনীত প্রথম কোনো ভারতীয় ছবি, যা মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তাই ছবিটির খবর বাংলাদেশের দর্শকদের কাছে পৌছে দেয়ার অনুরোধ রাখলেন সাংবাদিকদের কাছে।

জয়া আহসান বলেন ‘কণ্ঠ’ ছবিটি আমার জন্য একটি জার্নির মতো। জীবনকে কাছ থেকে দেখা, লড়াই করে বেঁচে থাকা মানুষগুলোকে দেখা, কী যে অনুপ্রেরণার ছিলো আমার জন্য! আমাকে এমন একটি যাত্রায় সামিল করায় আমি কৃতজ্ঞতা জানাই নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা দিদিকে। আমার উপর ভরসা করেছেন তারা, এটা আমার জন্য গর্বের।

এই চরিত্রটি তার ক্যারিয়ারে উজ্জ্বল হয়ে থাকবে। এমন আশাবাদ ব্যক্তি করে জয়া আরও বলেন: জীবনে প্রচুর চরিত্রে অভিনয় করেছি। কিন্তু সব সময়ইতো সব চরিত্র গুরুত্বপূর্ণ বা দাগ কেটে যায় না, আবার কিছু চরিত্র আছে যেগুলো থেকে যায়, মনে গেঁথে যায়। শিল্পীর জীবনেও আঁচড় কেটে যায়। ‘কণ্ঠ’ ছবিতে ঠিক তেমন একটি চরিত্র আমার। আমার ভীষণ আত্মতৃপ্তি রয়েছে এই চরিত্রটি করে, এই ছবিতে অভিনয় করে।

বাংলাদেশে ‘কণ্ঠ’ ছবিটির পরিবেশনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবিটিতে অভিনয় করতে গিয়ে নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জয়া। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, এই ছবিটি করতে গিয়ে আমি এমন কিছু মানুষের সাথে সাক্ষাৎ করেছি, ক্যানসার আক্রান্ত অনেক মানুষের সাথে কথা বলেছি। তাদের কাছ থেকে এতো জীবনীশক্তি পেয়েছি, তখন আমার মনে হয়েছে আমরা যে বেঁচে আছি, এটাইতো সবচেয়ে বড় ঘটনা! পরিবারের সবচেয়ে ছোট সদস্য থেকে শুরু করে সবচেয়ে বয়োজৈষ্ঠ্য ব্যক্তিটিকেও ‘কণ্ঠ’ ছবিটি আকর্ষণ করবে। সবারই দেখা উচিত।

এর আগে  মে মাসে ভারতে মুক্তি পায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’। মাত্র এগারো দিনে ছবিটি  ২ কোটি রুপির বেশি আয় করেছে বলে জানান ছবিটির পরিচালক। এবার ছবিটি মালায়ালাম ভাষাতেও রিমেক হচ্ছে বলেও জানান তিনি। 

একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে জয়া আহসান ও পাওলি ছাড়াও অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ

আরও পড়ুন

×