দুই সিনেমায় সায়রা
সায়রা আক্তার জাহান। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৪৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৪৬
২০১৮ সালে প্রসুন রহমানের ‘জন্মভূমি’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় সায়রা আক্তার জাহানের। ছবিটি টরন্টোসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। প্রায় চার বছর পর ২০২৪ সালে ‘লেগুনা’ ও ‘আরারাত’ নিয়ে আবার অভিনয়ে ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি সিনেমা। নাম ‘বিশ্বাস করেন ভাই’ ও ‘ট্রাইব্যুনাল’।
রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘বিশ্বাস করেন ভাই’ ব্ল্যাক মানিকে কেন্দ্র করে নির্মিত কমেডি-সাসপেন্সধর্মী গল্প। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়। শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
অন্যদিকে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ একটি কোর্টরুম ড্রামা, যেখানে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি ঘটনার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও দিয়ে শোবিজে সায়রার যাত্রা শুরু, এরপর বড় পর্দায় অভিষেক। পাশাপাশি ওপেন স্পেস থিয়েটারের সঙ্গে কাজ করছেন সায়রা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি শুরু করেছিলেন। এ কারণে অভিনয়ে একেবারে অনিয়মিত হয়ে পড়েন তিনি। পরে বিরতি নেন চাকরি থেকে।
এর আগে সমকালকে সায়রা বলেন, ‘সত্যি বলতে চাকরি করার কারণে চাইলেও অভিনয়ে নিয়মিত হতে পারছিলাম না। এখন চাকরি থেকে বিরতি নিই। আমি সব সময়ই চেয়েছি ভিন্নরূপে দর্শকের সামনে আসতে। এখন আমি অভিনয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও নিয়মিত কাজের ইচ্ছা রয়েছে।’
- বিষয় :
- সায়রা আক্তার জাহান
- অভিনেত্রী
- মডেল
- সিনেমা
