ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘চক্র’-এর কারণে বিদেশ থেকে প্রচুর ফোন আসছে: তৌসিফ

‘চক্র’-এর কারণে বিদেশ থেকে প্রচুর ফোন আসছে: তৌসিফ
×

তৌসিফ মাহবুব। ছবি: ফেসবুক

বুলবুল ফাহিম

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ১৮:১৭ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ১৮:২০

অভিনেতা তৌসিফ মাহবুব। টিভি নাটক নিয়ে সারাবছর ব্যস্ত থাকলেও বর্তমানে তিনি মন নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। ভিন্ন ও চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে হাজির হচ্ছেন দর্শকের মাঝে। সম্প্রতি আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘চক্র-২’। নির্মাতা ভিকি জায়েদের বানানো এই সিরিজে ভয়ঙ্কর রূপে হাজির হয়েছেন তিনি। এই সিরিজসহ অভিনয়ের নানা বিষয়ে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে। 

‘চক্র-২’ কেমন সাড়া পাচ্ছেন? 
মুক্তির আগ পর্যন্ত খানিকটা নার্ভাস ছিলাম। কিন্তু মুক্তির পর বিষয়টা ভিন্ন হয়েছে। দেশ-বিদেশ থেকে যারা সিরিজটি দেখেছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন। পরিচিত অনেক মানুষ ফোন করে তাদের ভালোলাগার কথা জানাচ্ছেন। বিশেষ করে বিদেশ থেকে প্রচুর ফোন পাচ্ছি। অনেকে এমনও এসএমএস করেছেন, তারা একসঙ্গে ‘চক্র’ ও ‘চক্র-২’ দেখার কথা বলেছেন।

চরিত্র কতটা চ্যালেঞ্জিং ছিল?
হুমায়ূন বা মামুন চরিত্র এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে কঠিন চরিত্র। এই চরিত্রের প্রস্তুতি নিতে গিয়ে আমি অনেক দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। অনেক ধরনের অভিনয় আছে, তার মধ্যে একটি হলো– ক্যামেরার বাইরে অবস্থান করেও ক্যারেক্টারে থাকা। বলতে গেলে হুমায়ূন হলো শয়তান টাইপ। ক্যামেরার বাইরে থেকে অ্যাক্টিং কী করব, সেটা নিয়েই বেশি দ্বিধায় ছিলাম। তারপর নিজের ফর্মুলা বের করে নিজের ডায়েরি অনুযায়ী শেষ পর্যন্ত কাজটি নির্মাতার মনমতো করতে পেরেছি।

তৌসিফ মাহবুব। ছবি: ফেসবুক

দর্শক এই সিরিজটি কীভাবে দেখবে?
‘চক্র’ ফিল্ম দর্শক ৮০ টাকা দিয়ে দেখেছে। এখন সেটা অনেকটা কমানো হয়। এখন মাত্র ২৫ টাকায় দেখা যাবে আমাদের ‘চক্র-২’। যারা সিনেমা করেন তারা জানেন, দর্শকের পকেটের টাকা খরচ করিয়ে সিনেমা হলে নিয়ে আসা কতটা কঠিন। আমার ওপর বিশ্বাস রেখে টাকা দিয়ে দর্শক কনটেন্ট দেখতে প্রস্তুত হচ্ছে। সেজন্য আমার ওটিটিতে এই চেষ্টা। বলতে পারি, আমি এখানে সফল। আশা করি, সামনে আরও ভালো কিছু আসবে। 

‘চক্র’তে আপনার সঙ্গে তাসনিয়া ফারিণকে দেখা গেছে। এবার কি তার অভাব বোধ করেছেন?
‘চক্র-২’ তে ফারিণ আছে কিনা তা দর্শকের ভালো মতো খুঁজে দেখলেই বুঝতে পারবেন। এটা দর্শকের জন্য টুইস্ট হিসেবে রাখা হয়েছে। আমি তাঁর সম্পর্কে বেশি কিছু বলতে চাই না।

আপনাকে নাটকে কম দেখা যাচ্ছে...
হ্যাঁ। বড় আকারে কনটেন্টে কাজ করার কারণে নাটকের একটু ব্যস্ততা কমেছে। এ ছাড়া ওটিটিতে কাজের আলাদা একটা ভাষা থাকে, সেটার জন্য দীর্ঘ প্রস্তুতির দরকার হয়। সেটার জন্য চাইলেও আগের মতো নাটকে সময় দিতে পারছি না। গল্পের গুরুত্ব বুঝে করছি। এজন্য নাটক অনেকটা কমে গেছে।

আফরান নিশোর সঙ্গে ভিকি জায়েদের একটা দারুণ জুটি ছিল, এখন সেই জায়গায় আপনি...
দেখুন, আফরান নিশো ভাই অনেক বড় তারকা। ছোট পর্দায় তিনি দারুণ দারুণ কাজ উপহার দিয়েছেন। ওনার জায়গা নিতে পারা কোনোভাবেই সম্ভব না। ওনারা যেহেতু আমার সিনিয়র, তাই তাদের অভিজ্ঞতা নিয়ে ভালো কাজের চেষ্টা করতে পারি। আমারও অনেক ভালো ভালো কাজ দর্শক পেয়েছেন। এখন ওটিটিতে ভালো কিছু হচ্ছে। সততার সঙ্গে কাজ করে আরও ভালো কিছু উপহার দিতে চাই।

তৌসিফ মাহবুব। ছবি: ফেসবুক

ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের পরিকল্পনা কি ব্যক্তিগত প্রচেষ্টা?
হ্যাঁ, আমি সচেতনভাবেই চেষ্টা করছি একই ধরনের চরিত্রে আটকে না থাকতে। প্রতিটি চরিত্রে নতুন কিছু শেখার সুযোগ থাকে। তাই ভিন্নতা খুঁজে নেওয়ার চেষ্টা করছি। আসলে যেমন গল্প আমি করতে চাই তেমন গল্পই তো পছন্দ করি। এটা বজায় রাখব।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম মৌসুমে ফেরা...
দর্শকের ভালোবাসাই আমাকে (নেহাল) ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ফেরত আনতে বাধ্য করেছে। আমি নিজেও অপেক্ষা করেছিলাম ফেরার জন্য। ফেরার পর দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ।

নাটক, ওয়েবের পর সিনেমায় আপনাকে কবে পাওয়া যাচ্ছে?
যখন শুধু নাটকে অভিনয় করতাম তখন অনেকের প্রশ্ন ছিল– কবে ওটিটিতে যাব। এখন ওটিটিতে কাজ করছি। দর্শক ওটিটিতে আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। সত্যি কথা বলতে, প্রত্যেক অভিনেতাই নিজেকে বড় পর্দায় দেখতে চান। আমিও তার ব্যতিক্রম নই। এক বছর আগেও আমি বলেছি, সিনেমার জন্য আমি প্রস্তুত নই। কিন্তু এখন আমি সিনেমার জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। অলরেডি কিছু সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে। কিন্তু মনে হয়েছে সেই গল্পগুলো আমার জন্য না। তাই হয়নি। ভাগ্যে থাকলে অবশই হবে।

আরও পড়ুন

×