‘দৃশ্যম ৩’ টিজার
পরিবারকে বাঁচাতে মরিয়া মোহনলাল
‘দৃশ্যম ৩’-এর সিনেমার শিল্পীরা। ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৭:০১ | আপডেট: ০২ মে ২০২৬ | ১৭:০৭
দীর্ঘ প্রতীক্ষার পর রহস্যের দরজা খানিকটা খুলল। মালায়লাম তারকা মোহনলাল অভিনীত বহুল আলোচিত ‘দৃশ্যম ৩’-এর টিজার প্রকাশ হয়েছে। তাতেই ফের জেগে উঠেছে জর্জকুট্টির অদৃশ্য আতঙ্কের গল্প। ১ মিনিট ৫০ সেকেন্ডের এই টিজার শুরু হয় এক পরিচিত শান্ত স্বরে।
এবারও ছবির কেন্দ্রে আছেন মোহনলাল, তার আলোচিত চরিত্র জর্জকুট্টিকে নিয়ে। তার পরিবারের গল্পই আবার ফিরে আসছে।
জর্জকুট্টি যেন তার স্বাভাবিক, গোছানো জীবনের কথা বলছেন। সেই স্বাভাবিকতার আড়ালেই ধীরে ধীরে স্পষ্ট হয় এক চাপা অস্থিরতা। তার কথায় উঠে আসে এক ‘অবাঞ্ছিত অতিথি’র প্রসঙ্গ, যে একসময় তাদের পরিবারকে ভেঙে দিতে এসেছিল। পরিবারকে বাঁচাতে নেওয়া তার কঠিন সিদ্ধান্তগুলোর প্রতিধ্বনি এখনও যেন তাকে ছাড়ছে না। এবারের জর্জকুট্টি আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত, সতর্ক এবং ভীত। তার চোখেমুখে এমন এক অজানা শঙ্কা।মনে হয় কেউ যেন প্রতিনিয়ত তাকে নজরদারিতে রেখেছে।
এই অদৃশ্য উপস্থিতিই টিজারের থ্রিলকে আরও ঘনীভূত করে। পাশাপাশি স্ত্রী ও মেয়েদের আতঙ্কিত প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয়–পুরোনো দুঃস্বপ্ন হয়তো আবার ফিরে আসছে, আরও ভয়ংকর রূপে।
পরিচালক জিথু জোসেফ এবং প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুরর এই নতুন কিস্তি নিয়েও আছে গুঞ্জন। আগের মতোই তারা দর্শকদের জন্য রেখে দিয়েছেন বড় কোনো চমক।
২০১৩ সালে শুরু হওয়া ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি দৃশ্যম এবং ২০২১ সালের ‘দৃশ্যম ২’-এর সাফল্যের পর তৃতীয় পর্ব নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী। সবকিছু ঠিক থাকলে, আগামী ২১ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’।
