ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদের ছয়দিন আগে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা, প্রকাশ পেল মালিক-এর দুই পোস্টার

ঈদের ছয়দিন আগে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা, প্রকাশ পেল মালিক-এর দুই পোস্টার
×

মালিক এর পোস্টারে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৪:২০ | আপডেট: ২২ মে ২০২৬ | ১৪:২৮

কোরবানির ঈদের সিনেমার দৌড়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত  আলোচিত সিনেমা ‘মালিক’। ঘোষণার সঙ্গে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি নতুন পোস্টার।

গত বছরের শেষ দিকে নির্মাতা সাইফ চন্দন শুরু করেছিলেন ‘মালিক’-এর শুটিং। শুরুতে গুঞ্জন ছিল রোজার ঈদেই মুক্তি পাবে সিনেমাটি। তবে শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় মুক্তি। এরপর থেকেই শোনা যাচ্ছিল কোরবানির ঈদকে লক্ষ্য করেই এগোচ্ছে সিনেমাটি। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা আসছিল না। অবশেষে গত বুধবার রাতে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া পোস্টার প্রকাশের মাধ্যমে জানায়, ঈদের সিনেমার তালিকায় যুক্ত হচ্ছে ‘মালিক’।

ঘোষণার পরদিন প্রকাশ করা হয় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর একক লুক পোস্টার। গম্ভীর, রুক্ষ আর রহস্যময় সেই লুকে ধরা দেন শুভ। পোস্টারটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক, মালিক।’ এরপর থেকেই নতুন করে আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। 

 শুক্রবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির দ্বিতীয় পোস্টার। সেখানে দেখা যায় একেবারে ভিন্ন আবহ। রোমান্টিক মুডে ধরা দিয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে লাভ ইমোজি জুড়ে দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান মিম। অ্যাকশন আর রোমান্সের মিশেলে পোস্টার দুটি যেন সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

অ্যাকশন ঘরানার ‘মালিক’-এ দেখা যাবে এক জেদি মানুষের গল্প, যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে হয়ে ওঠে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি। সেই ‘মালিক’ চরিত্রেই অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে ভিন্নধর্মী অ্যাকশন অবতারে। চরিত্রটির জন্য তিনি নিয়েছেন মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ।

নির্মাতা সাইফ চন্দনের ভাষ্য, ‘অ্যাকশন সিনেমা হলেও এতে আবেগ, সম্পর্ক আর দারুণ একটি গল্প আছে। শিল্পীরা অসাধারণ কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে। আমরা বিশ্বাস করি ঈদে দর্শক উপভোগ করার মতো একটি সিনেমা পাচ্ছেন।’

বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশনের কাজ। সেখান থেকেই সাইফ চন্দন জানান, সিনেমাটি মুক্তির সকল প্রস্তুতি শেষ। এখন একের পর এক প্রচারণার রসদ প্রকাশ করা হবে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্তভাবে মুক্তির পরিকল্পনা ও প্রচারণা শুরু হবে বলেও জানান তিনি। 

‘মালিক’ সিনেমার আরেকটি বিশেষ আকর্ষণ হলো— দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সবশেষ তারা জুটি বেঁধেছিলেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায়, যা মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।

আরও পড়ুন

×