ফিফার বিশ্বকাপ পেজে ‘যদি লক্ষ্য থাকে অটুট’, আসিফ ইকবাল বললেন, এ অর্জন বাংলাদেশের
যদি লক্ষ্য থাকে অটুট, গানের গীতিকার আসিফ ইকবাল।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০১:২৫ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ০২:১০
রিয়েলিটি শোয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘যদি লক্ষ্য থাকে অটুট’এবার জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের অফিশিয়াল প্ল্যাটফর্মে। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোর প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে ‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’-এর লাইন।
মঙ্গলবার (বাংলাদেশ সময়) বিকেল ৩টা ৫২ মিনিটে প্রকাশিত পোস্টটিতে কোনো অনুবাদ ছাড়াই বাংলা ভাষায় এই লাইন ব্যবহার করা হয়। ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর বার্তা বহনকারী পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে ৪৬ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ২ হাজার মন্তব্য এবং ৭৮০টির বেশি শেয়ার পড়ে।
বিশ্বমঞ্চে নিজের লেখা গানের এমন ব্যবহার দেখে আবেগাপ্লুত হয়েছেন গীতিকার আসিফ ইকবাল। নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্মৃতিচারণ করে তিনি জানান, ২০০৪ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার জন্য গানটি লিখেছিলেন তিনি। এতে সুর করেছিলেন নকীব খান। গানটিতে কণ্ঠ দেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, কনকচাঁপা, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নীসহ একাধিক শিল্পী।
আসিফ লিখেছেন, গানটি লেখার সময় তাঁর ধারণা ছিল, হয়তো কিছু মানুষ এটি শুনবে, গুনগুন করবে অথবা কঠিন সময়ে কারও সাহস জোগাবে। কিন্তু সময়ের সঙ্গে গানটি শিল্পীদের গণ্ডি ছাড়িয়ে হয়ে ওঠে কোটি মানুষের প্রেরণার প্রতীক।
সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লিখেছেন, দেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল গানটির লাইন। জাতীয় সংসদেও এটি উদ্ধৃত হয়েছে। খেলার মাঠ, সভামঞ্চ, সংকটের সময় কিংবা বিজয়ের মুহূর্ত-সবখানেই মানুষ গানটি গেয়েছে।
গানের জনপ্রিয়তা থেকেই নিজের বইয়ের নামও রেখেছিলেন ‘যদি লক্ষ্য থাকে অটুট’। এ প্রসঙ্গে তিনি বলেন, গানে যে বিশ্বাসের কথা লিখেছিলেন, বাস্তব জীবনেও সেই দর্শনই অনুসরণ করেছেন। তাঁর দাবি, বইটিও পাঠকদের ভালোবাসায় বেস্টসেলার হয়ে একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছে।
তবে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল পেজে নিজের লেখা দেখতে পাবেন-এমন কল্পনাও করেননি তিনি। এ বিষয়ে নিজের স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আল্লাহর পরিকল্পনা আমার কল্পনার চেয়ে অনেক বড়। আজ সেই একই লাইন ফিফা বিশ্বকাপের অফিশিয়াল পেজে। আমার প্রিয় খেলোয়াড় কাসেমিরোর ছবিসহ ব্রাজিলের ফিরে আসার গান হিসেবে। বাংলায়। কোনো অনুবাদ ছাড়া। পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মঞ্চে।’
আরও লিখেছেন, ‘একটা লাইন। গান থেকে সংসদে। সংসদ থেকে বইয়ের নামে। বই থেকে ফিফার পেজে। প্রতিটা ধাপে আমি শুধু দিয়ে গেছি। কোনো দিন ভাবিনি, কোথায় কী পৌঁছাবে।’
এই স্বীকৃতিকে নিজের ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং বাংলা ভাষা ও বাংলাদেশের সম্মান হিসেবেই দেখছেন আসিফ ইকবাল। তাঁর ভাষায়, ‘এই অর্জন আমার না। এ অর্জন বাংলাদেশের। বাংলা ভাষার। চট্টগ্রামের একটা ছেলে একদিন একটা লাইন লিখেছিল। সে লাইন আজ বিশ্বমঞ্চে। কারণ ছোট দেশের ছোট মানুষের কথাও একদিন পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে পৌঁছায়। শুধু লক্ষ্য থাকতে হয় অটুট।’
- বিষয় :
- আসিফ ইকবাল
