ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

গৃহবধূ হত্যা মামলায় স্বর্ণ ব্যবসায়ীসহ দুজন গ্রেপ্তার

গৃহবধূ হত্যা মামলায় স্বর্ণ ব্যবসায়ীসহ দুজন গ্রেপ্তার
×

ছবি- সমকাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০১:৫৮

গৃহবধূকে হত্যার অভিযোগে মসজিদের মুয়াজ্জিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার টাঙ্গাইল পৌরসভার বিশ্বাসবেতকা এলাকায় নিজ বাড়িতে গৃহবধূ নাজমা আলমের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মুয়াজ্জিন মোশারফ হোসেন দেলদুয়ার উপজেলার মোতালেব সরকারের ছেলে। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি হলেন, স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা এবং আলামত উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলন করে জানান, মোশারফের সঙ্গে নাজমা আলমের পরিবারের দীর্ঘ ১৮ বছর ধরে যোগাযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে মোশারফ হোসেন ঋণগ্রস্ত হয়ে পড়েন। বিভিন্ন সময়ে নাজমা আলমের কাছ থেকে ঋণ নিয়েছেন তিনি। পরবর্তী সময়ে বিভিন্নজনের কাছ থেকে ঋণ করেন এবং এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধ করেছেন। তিনি আবার টাকা চাইলে নাজমা আলম দিতে অস্বীকৃতি জানান। এ সময় ক্ষুব্ধ হয়ে মোশারফ হোসেন পাশের ঘর থেকে হাতুড়ি এনে তাঁর মাথায় আঘাত করেন। পরে নাজমার হাতে ও গলায় থাকা স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে নাজমা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় নাজমাকে আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করেন এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন মোশারফ। পরবর্তী সময়ে মোশারফ স্বর্ণসহ হাতুড়ি ও সিসিটিভি ক্যামেরার ডিভিডি সঙ্গে করে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সবার সঙ্গে ওই বাড়িতেই অবস্থান করেন মোশারফ। এ ছাড়া লাশ উদ্ধারের পর হত্যাকাণ্ডের বিচার চেয়ে সামাজিক মাধ্যমে বক্তব্য দেন তিনি।

পুলিশ কর্মকর্তা এ এস এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করে পুলিশ। হত্যার পর গৃহবধূর গলার স্বর্ণের হার ও হাতের বালা নিয়ে যায়। তার সূত্র ধরে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক আজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন।

আরও পড়ুন

×