‘দাদা’র প্রথম লুক করে মুক্তির তারিখ ঘোষণা, রাজকুমারকে বার্তা সৌরভের
রাজকুমার রাও ও সৌরভ গাঙ্গুলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৪:৫৪ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৪:৫৮
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ্যে এলো তার বায়োপিকের প্রথম লুক। সিনেমায় সৌরভের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখও।
বুধবার প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, লর্ডসের ঐতিহাসিক সেই মুহূর্তকে পুনর্নির্মাণ করেছেন রাজকুমার রাও। খালি গায়ে হাতে জার্সি ঘুরিয়ে উদযাপন করছেন তিনি। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই উদযাপন ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় দৃশ্য।
ফার্স্ট লুক প্রকাশের পর নিজের সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করে সৌরভ লিখেছেন, ‘তোমাকে আমার রূপে দেখার জন্য মুখিয়ে আছি।’ তাঁর এই বার্তা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।
নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিনেমাটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। ইতোমধ্যে মুম্বাই ও কলকাতায় প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, চলতি মাসের শেষ দিকে সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং করতে পুরো টিম লন্ডনে যাবে। এরপর আবার কলকাতায় হবে পরবর্তী ধাপের শুটিং।
সৌরভ গাঙ্গুলির পরিবারের সদস্যদের চরিত্রেও থাকছেন একাধিক বাংলা অভিনেতা। তার বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গাঙ্গুলির ভূমিকায় অপরাজিতা আঢ্য এবং ভাই স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে রয়েছেন রাহুল দেব বসু। অন্যদিকে, সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তানিয়া মানিকতলাকে।
রাজকুমার রাওকে সৌরভের চরিত্রে বিশ্বাসযোগ্য করে তুলতে দীর্ঘদিন ধরেই চলছে বিশেষ প্রস্তুতি। শুটিংয়ের ফাঁকে কলকাতার ইডেন গার্ডেনেও অনুশীলন করতে দেখা গেছে তাঁকে। এখন বায়োপিকটি নিয়ে ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে। সূত্র: দ্য ওয়াল
- বিষয় :
- রাজকুমার রাও
- সৌরভ গাঙ্গুলী