ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে যে ৫ সিনেমার অপেক্ষায় দর্শকরা

আগস্টে যে ৫ সিনেমার অপেক্ষায় দর্শকরা
×

আগস্টে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাঁচ সিনেমা।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৩:৪৭ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১৪:০২

আগস্ট মাসে অ্যাকশন, রোমান্স, হরর, সায়েন্স ফিকশন ও অ্যানিমেশনের ভিন্নধর্মী গল্প নিয়ে মুক্তি পাচ্ছে একাধিক আলোচিত চলচ্চিত্র। এর মধ্যে কিছু আসছে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে, আবার কিছু মুক্তি পাবে স্ট্রিমিং প্ল্যাটফর্মে। দেখে নেওয়া যাক সবচেয়ে আলোচিত পাঁচটি সিনেমা। 

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি এটি। ‘নো ওয়ে হোম’-এর ঘটনার পর নতুন বাস্তবতায় একা নিউইয়র্ককে রক্ষা করতে দেখা যাবে পিটার পার্কারকে। এবার তার সামনে থাকবে নতুন শত্রু, মানসিক লড়াই এবং বদলে যাওয়া অতিমানবীয় ক্ষমতা। আন্তর্জাতিক মুক্তির এক দিন আগে, ৩০ জুলাই বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

দ্য ডগ স্টারস
রিডলি স্কট পরিচালিত এই পোস্ট-অ্যাপোক্যালিপটিক থ্রিলার নির্মিত হয়েছে পিটার হেলারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে। ভয়াবহ মহামারির পর বেঁচে থাকা কয়েকজন মানুষের টিকে থাকার সংগ্রামই সিনেমাটির মূল বিষয়। এতে অভিনয় করেছেন জ্যাকব এলর্ডি, মার্গারেট কোয়ালি ও জশ ব্রোলিন। ছবিটি আন্তর্জাতিকভাবে ২৬ থেকে ২৮ আগস্ট মুক্তি পাবে।

টনি
প্রয়াত খাদ্য ও ভ্রমণবিষয়ক লেখক অ্যান্থনি বোরদেইনের শুরুর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই বায়োপিক। ‘কিচেন কনফিডেনশিয়াল’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তরুণ বোরদেইনের চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক সেসা। পাশাপাশি রয়েছেন আন্তোনিও বান্দেরাস ও এমিলিয়া জোন্স। আন্তর্জাতিকভাবে আগস্টেই মুক্তি পাচ্ছে ছবিটি।

কোয়োট ভার্সেস অ্যাকমি
বহু বছর মুক্তি আটকে থাকার পর অবশেষে দর্শকের সামনে আসছে 'লুনি টিউনস'–এর জনপ্রিয় চরিত্র ওয়াইল ই. কোয়োটকে নিয়ে নির্মিত এই লাইভ-অ্যাকশন ও অ্যানিমেশনের মিশ্রণের সিনেমা। গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোয়োটের আইনি লড়াই নিয়েই এগিয়েছে গল্প। আন্তর্জাতিকভাবে ২০ থেকে ২৮ আগস্টের মধ্যে মুক্তি পাবে ছবিটি।

দ্য ম্যাজিক ফারঅ্যাওয়ে ট্রি
এনিড ব্লাইটনের জনপ্রিয় শিশুতোষ উপন্যাসমালা অবলম্বনে নির্মিত এই পারিবারিক ফ্যান্টাসি সিনেমায় এক রহস্যময় গাছের মাধ্যমে অন্য জগতে প্রবেশের রোমাঞ্চকর গল্প তুলে ধরা হয়েছে। ক্লেয়ার ফয়, অ্যান্ড্রু গারফিল্ড ও রেবেকা ফার্গুসন অভিনীত ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় ২১ আগস্ট মুক্তি পাচ্ছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন

×