ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

২৩০০ কোটির ‘দ্য ওডিসিতে’ ম্যাট ডেমনের পারিশ্রমিক ১৮০ কোটি, অন্যরা নিলেন কত?

২৩০০ কোটির ‘দ্য ওডিসিতে’ ম্যাট ডেমনের পারিশ্রমিক ১৮০ কোটি, অন্যরা নিলেন কত?
×

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৫:৫২ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ১৫:৫৮

ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমা বক্স অফিসেও দারুণ সাড়া ফেলছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতেও ছবিটি সফলভাবে চলছে।

প্রায় ২৫ কোটি মার্কিন ডলার (প্রায় ২,৩০০ কোটি টাকা) ব্যয়ে নির্মিত এই মহাকাব্যিক ছবিতে একসঙ্গে দেখা গেছে হলিউডের একঝাঁক তারকাকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রধান অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের তথ্য। সেখানে দেখা যায়, পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে কাজ করার সুযোগে অনেক তারকাই তাদের প্রচলিত পারিশ্রমিকের তুলনায় কম পারিশ্রমিক নিয়েছেন।

সিনেমায় ইথাকার রাজা ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন। এ ছবির জন্য তিনি নিয়েছেন ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০ কোটি টাকারও বেশি। যদিও হলিউডের শীর্ষ এই অভিনেতা সাধারণত একটি সিনেমার জন্য আরও বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন।

ওডিসিউসের স্ত্রী পেনেলোপ চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। নোলানের সঙ্গে এটি তাঁর তৃতীয় কাজ। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ৪০ থেকে ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ থেকে ৬০ কোটি টাকা।

ওডিসিউসের ছেলে টেলিম্যাকাস চরিত্রে দেখা গেছে টম হল্যান্ডকে। তাঁর পারিশ্রমিক ১ কোটি মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা। মার্ভেল চলচ্চিত্রে তাঁর পারিশ্রমিকের তুলনায় এটি তুলনামূলক কম বলে জানা গেছে।

সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ অ্যান্টিনাস চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। এ ছবির জন্য তিনি পেয়েছেন ৫০ থেকে ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ থেকে ৮৪ কোটি টাকা।

গ্রিক দেবী অ্যাথেনা চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া। তাঁর পারিশ্রমিক ৫০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৬০ কোটি টাকা।

অন্যদিকে, হেলেন অব ট্রয় ও ক্লাইটেমনেস্ট্রা চরিত্রে অভিনয় করা লুপিতা নিয়োঙ্গো পেয়েছেন ১৫ থেকে ৩৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ থেকে ৪২ কোটি টাকা। আর অমর সমুদ্রপরী ক্যালিপসো চরিত্রে অভিনয়ের জন্য শার্লিজ থেরনের পারিশ্রমিক ছিল ৫০ থেকে ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ থেকে ৮৪ কোটি টাকার মধ্যে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ‘দ্য ওডিসি’ ইতোমধ্যে সমালোচক ও দর্শক—উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে। মহাকাব্যিক গল্প, নোলানের নির্মাণশৈলী এবং তারকাবহুল অভিনয়শিল্পীদের উপস্থিতি ছবিটিকে বছরের অন্যতম আলোচিত হলিউড সিনেমায় পরিণত করেছে।

আরও পড়ুন

×