কানাডার সাস্কাটুন মাতালেন অর্ণব-সুনিধি
ছবি-সংগৃহীত
আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৫:৫১
কানাডার সাস্কাটুনে সংগীতের মূর্ছনায় দর্শক মাতালেন জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। প্রথমবারের মতো কানাডাজুড়ে আয়োজিত ‘হোক কলরব কানাডা’-এর ধারাবাহিকতায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাস্কাটুনের প্রেইরিল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয় এ সংগীতসন্ধ্যা। স্থানীয় সংগঠন ‘ইকোস অব বেঙ্গল’ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন শত শত প্রবাসী বাঙালি।
তরুণ উদ্যোক্তা প্রীতম রিপন, সব্যসাচী, জয়দীপ ও সৌভিকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে প্রেইরিল্যান্ড পার্কের হলরুম হয়ে ওঠে প্রাণবন্ত। ২০২৬ সালে সাস্কাটুনে এটিকে অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন হিসেবে উল্লেখ করেছেন আয়োজকেরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শুরুতেই সাস্কাটুনের স্থানীয় জনপ্রিয় ব্যান্ড ‘সান ক্লারো’ সংগীত পরিবেশন করে দর্শকদের আনন্দ দেয়। এরপর মঞ্চে ওঠেন অর্ণব ও সুনিধি। একে একে নিজেদের জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তারা।
অর্ণব ও সুনিধির পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় সংগীতপ্রেমীদের মিলনমেলায়। প্রিয় শিল্পীদের গান উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রবাসী বাঙালিরা। তাদের সঙ্গে গলা মিলিয়ে গান গাওয়ার পাশাপাশি মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন অনেক দর্শক।
অনুষ্ঠান শেষে অর্ণব ও সুনিধি সাস্কাটুনের প্রবাসী বাংলাদেশি ও বাঙালিদের ব্যাপক উপস্থিতিতে অভিভূত হওয়ার কথা জানান। প্রবাসে বাংলা সংস্কৃতি ও সংগীতকে ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।
আয়োজক সংগঠন ‘ইকোস অব বেঙ্গল’-এর পক্ষ থেকে প্রীতম রিপন অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করার জন্য স্পন্সর, শুভানুধ্যায়ী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে। ভবিষ্যতেও বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান তিনি।
- বিষয় :
- গান
- সংগীতশিল্পী
- সংগীত
- কানাডা