নতুন সিনেমায় তৌকীর আহমেদ, দৃশ্যধারণ ফ্রান্সে
তৌকীর আহমেদ। ছবি: সংগৃহীত
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৬ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৫
নতুন ঠিকানার খোঁজে ফ্রান্সে পাড়ি দেওয়া এক তরুণীর জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দ্য অরেঞ্জ’। বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন স্বপন আহমেদ।
এতে অভিনয় করছেন তৌকীর আহমেদ, স্বর্ণালী চৈতি এবং ফাইজুল ইয়ামিনসহ অনেকে। বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার শিল্পী ও কুশলীরা।
সিনেমাটি নিয়ে নিজের ভাবনা তুলে অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ বলেন, ‘আমি নিজেও যে ধরনের চলচ্চিত্র নির্মাণে বিশ্বাস করি, যা মানুষকে ভাবনা ও নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে, প্রশ্ন তুলতে শেখায় ‘দ্য অরেঞ্জ’ ঠিক সে রকম একটি সিনেমা। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’
অভিনেত্রী স্বর্ণালী চৈতির ভাষ্য, চিত্রনাট্য হাতে পাওয়ার পর থেকেই চরিত্রটির সঙ্গে তাঁর এক ধরনের মানসিক সংযোগ তৈরি হয়েছে। অভিনয়ের খুঁটিনাটি বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
গত রোজার ঈদে নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা হয় ফাইজুল ইয়ামিনের। এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র।
নতুন কাজে যুক্ত হয়ে উচ্ছ্বসিত এই অভিনেতা বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত এটি একেবারেই আলাদা ধরনের একটি সিনেমা। এমন কাজের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমাদের পুরো টিম যদি সেরা পারফর্ম করতে পারে, তবে সিনেমাটি অনেক দূর যাবে।’
সিনেমাটি সারা বিশ্বের দর্শকের কাছে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করছেন পরিচালক স্বপন আহমেদ।
তিনি বলেন, ‘দর্শক যে ধরনের সিনেমা পর্দায় দেখতে চান এটি তেমনই। সব প্রস্তুতি শেষে চলতি মাসের সেপ্টেম্বরে ফ্রান্সের মাটিতে ‘দ্য অরেঞ্জ’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হবে বলে আশা করছি।’
- বিষয় :
- ফ্রান্স
- সিনেমা
- তৌকীর আহমেদ