ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, ‘মহাভারত’ অভিনেতা গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, ‘মহাভারত’ অভিনেতা গ্রেপ্তার
×

সৌরভ গুর্জর। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৫

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর প্রতারণা ও হেনস্থার অভিযোগ উঠেছে ভারতীয় অভিনেতা সৌরভ গুর্জরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদের গাচিবাউলি থানায় মামলা হয়েছে। পরে মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ।

অভিনয়ের পাশাপাশি রেসলিংয়েও পরিচিত মুখ সৌরভ। ‘মহাভারত’ সিরিয়ালে ভীমের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। পরে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও অভিনয় করেন।

অভিযোগকারী তরুণীর দাবি, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে তার পরিচয় হয়। পরে দুজন ফোন নম্বর বিনিময় করেন এবং হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে।

ওই তরুণীর অভিযোগ, ২০২১ সালের ২৫ ডিসেম্বর প্রথমবার সৌরভের সঙ্গে সামনাসামনি দেখা হয় তার। সেসময় অভিনেতা তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এমনকি স্ত্রী হিসেবে যে ধরনের অধিকার ও মর্যাদা পাওয়া যায়, তাকেও একইভাবে রাখা হবে বলে সৌরভ জানিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

তরুণীর আরও দাবি করেন, শুধু ভারতেই নয়, যুক্তরাষ্ট্রেও তারা একসঙ্গে ছিলেন। সৌরভ তাকে দুজন মিলে ব্যবসা শুরু করার কথা বলেছিলেন। সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে যুক্তরাষ্ট্রে নিজের চাকরিও ছেড়ে দেন বলে অভিযোগ করেছেন তিনি।

ওই তরুণী জানান, পরবর্তীতে সৌরভের সঙ্গে সম্পর্কের নানা সমস্যার কারণে নিজের ক্যারিয়ারেও মনোযোগ দিতে পারছিলেন না তিনি। বিয়ের বিষয়ে জানতে চাইলে সৌরভ তার ফোন নম্বর ব্লক করে দিতেন এবং তার সঙ্গে দূরত্ব তৈরি করতেন বলেও অভিযোগ করেন তিনি।

২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ তার সঙ্গে ছিলেন। এরপর হায়দরাবাদে একসঙ্গে থাকার সময় কোনো খবর না দিয়েই অভিনেতা চলে যান বলে অভিযোগ করেছেন তিনি। পরে সৌরভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন বলে দাবি তার।

শেষ পর্যন্ত চলতি বছরের ১৫ আগস্ট গাচিবাউলি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। এরপর মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে আটক করে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×