ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বব্যাপী মুক্তির দিন দেশের প্রেক্ষাগৃহে টম ক্রুজের ‘ডিগার’সহ দুই সিনেমা

বিশ্বব্যাপী মুক্তির দিন দেশের প্রেক্ষাগৃহে টম ক্রুজের ‘ডিগার’সহ দুই সিনেমা
×

টম ক্রুজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:০২

টম ক্রুজ ভক্তদের জন্য সুখবর। বিশ্বব্যাপী মুক্তির একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডিগার’। আগামী ২ অক্টোবর ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বিশ্বব্যাপী মুক্তির সঙ্গে বাংলাদেশেও ‘ডিগার’ মুক্তি পাচ্ছে। একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাটিও।

‘ডিগার’
টম ক্রুজ মানেই চোখধাঁধানো অ্যাকশন, দুর্দান্ত স্টান্ট আর দুর্বার গতি। ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের ইথান হান্ট চরিত্রের মাধ্যমে চার দশকেরও বেশি সময় ধরে অ্যাকশন সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা হয়ে আছেন তিনি। বয়সকে উপেক্ষা করে একের পর এক ঝুঁকিপূর্ণ স্টান্ট করে দর্শকদের চমকে দিয়েছেন এই অভিনেতা।

তবে ‘ডিগার’-এ টম ক্রুজকে দেখা যাবে একেবারেই ভিন্ন রূপে। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর তার চেহারা ও চরিত্রের পরিবর্তন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু।

‘রেসিডেন্ট ইভিল’
হরর ঘরানার অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’। জাপানি ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে প্রায় দুই যুগ আগে হলিউডে শুরু হয় এই ফ্র্যাঞ্চাইজি।

২০০২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা ‘রেসিডেন্ট ইভিল’। পল ডব্লিউ. এস. অ্যান্ডারসন পরিচালিত ওই সিনেমায় অভিনয় করেন মিলা জোভোভিচ। পরে এটি সাতটি সিনেমার সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়।

২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল: ওয়েলকাম টু র‍্যাকুন সিটি’ নামে সিরিজটি নতুন করে রিবুট করা হয়। এবার পাঁচ বছর পর দর্শকদের সামনে আসছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন সিনেমা ‘রেসিডেন্ট ইভিল’। এটি সিরিজটির দ্বিতীয় রিবুট এবং সামগ্রিকভাবে অষ্টম সিনেমা।

আরও পড়ুন

×