নতুন সায়েন্স ফিকশনে জেন্ডায়া
সংগৃহীত ছবি
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৩:৩৭
| প্রিন্ট সংস্করণ
হলিউডে এখন ব্যস্ত সময় পার করছেন জেন্ডায়া। একের পর এক বড় বাজেটের সিনেমা, নতুন নতুন চরিত্র আর পুরস্কারের দৌড়–সব মিলিয়ে আলোচনায় এই অভিনেত্রী। এবার সেই ব্যস্ততার তালিকায় যুক্ত হলো নতুন একটি সায়েন্স ফিকশন সিনেমা। ছবিটি পরিচালনা করবেন ‘সিভিল ওয়ার’ ও ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’-এর চিত্রনাট্যকার ও নির্মাতা অ্যালেক্স গারল্যান্ড। নতুন এই সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে জেন্ডায়ার যুক্ত হওয়ার খবরে ছবিটি ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।
জানা গেছে, নতুন সিনেমার গল্প নিজের লেখা মৌলিক চিত্রনাট্য থেকে তৈরি করছেন গারল্যান্ড। এতে জেন্ডায়াকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। তবে ছবির নাম, কাহিনির প্রেক্ষাপট, তার চরিত্রের ধরন কিংবা অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনও জানাননি নির্মাতা। সায়েন্স ফিকশন ঘরানায় গারল্যান্ডের নির্মাণশৈলী এবং জেন্ডায়ার অভিনয়–দুইয়ের সমন্বয়ে নতুন কী তৈরি হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।
এদিকে জেন্ডায়ার আরেক আলোচিত সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’ নিয়েও চলছে দারুণ আলোচনা। ডেনিস ভিলনেভ পরিচালিত এই সিনেমায় চানি চরিত্রে ফিরছেন তিনি। পল অ্যাট্রেইডিসের ভূমিকায় থাকছেন টিমোথি
শ্যালামে। ছবিটি ১৮ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে চানির চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে জেন্ডায়াকে নিয়ে অস্কার প্রচারণার সম্ভাবনা বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এটি অস্কারের আনুষ্ঠানিক মনোনয়ন কিংবা চূড়ান্ত প্রতিযোগী তালিকা নয়। সিনেমাটি মুক্তির পর তার অভিনয় পুরস্কারের আলোচনায় কতটা জায়গা করে নেয়, তা জানতে অপেক্ষা করতে হবে। চলতি বছর একাধিক উল্লেখযোগ্য প্রকল্পে কাজ করেছেন জেন্ডায়া। ‘দ্য ড্রামা’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দি ওডিসি’র মতো সিনেমা ঘিরে তার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ভিন্ন ভিন্ন ঘরানার এসব কাজের মধ্য দিয়ে নিজের অভিনয়ের পরিসর বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। একই সঙ্গে বাণিজ্যিক সিনেমার পরিচিত জগৎ থেকে শুরু করে নির্মাতানির্ভর চলচ্চিত্রেও নিজের অবস্থান ধরে রাখছেন এই অভিনেত্রী।
বড়পর্দার বাইরেও নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন জেন্ডায়া। এ বছরেই অ্যানিমেশন সিনেমা ‘শ্রেক ৫’-এ শ্রেক ও ফিওনার মেয়ে ফেলিসিয়া চরিত্রে কণ্ঠ দেবেন তিনি। ছবিটি আগামী বছর মুক্তির কথা রয়েছে। এর পাশাপাশি সংগীতশিল্পী রনি স্পেক্টরের জীবনভিত্তিক ‘বি মাই বেবি’ সিনেমায় অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
- বিষয় :
- জেন্ডায়া