ব্যতিক্রমী চরিত্র থেকে বড় পর্দা, স্বপ্নের পথে রেহানের ছুটে চলা
ফাররুখ আহমেদ রেহান। ছবি: ফেসবুক
বুলবুল ফাহিম
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৮:২৯ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ১৮:৩৩
ফ্যাশন দুনিয়ায় পথচলা শুরু। সেখান থেকে অভিনয়ের প্রতি ভালোবাসা, এরপর নাটক ও ওটিটিতে নিজের সামর্থ্যের প্রমাণ। ক্যারিয়ারের শুরুতেই ব্যতিক্রমী কিছু চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। আবার সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে দর্শকের মনেও তৈরি করেছেন আলাদা পরিচিতি। এবার ছোট পর্দা ও ওটিটির গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন তিনি। বলছি, অভিনেতা ফাররুখ আহমেদ রেহানের কথা।
রায়হান রাফীর পরিচালনায় ‘আন্ধার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তাঁর। শুরু থেকেই গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার যে আকাঙ্ক্ষা, বড় পর্দার এই যাত্রা যেন সেই স্বপ্নপূরণেরই আরেক ধাপ।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা রেহানের অভিনয়ে অভিষেক ভিকি জাহেদের ওয়েব প্রজেক্ট ‘আরারাত’-এর মাধ্যমে। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই প্রজেক্টে জিনের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। প্রথম কাজেই এমন একটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ হয়ে আছে। এখনও অনেক দর্শক তাঁকে ওই চরিত্রের জন্য মনে রেখেছেন। রেহানের মতে, প্রথম কাজের জন্য পাওয়া এই স্বীকৃতি তাঁর পরিশ্রমকে সার্থক করেছে।

তবে অভিনয়ে আসার গল্পটা ছিল কিছুটা নাটকীয়। প্রায় তিন বছর আগে অভিনয়ে আগ্রহের কথা জানিয়ে নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেছিলেন রেহান। কিন্তু তাঁর পাঠানো বার্তাটি তখন চোখে পড়েনি নির্মাতার। এরপর কেটে যায় দীর্ঘ সময়। হঠাৎ একদিন ভিকি জাহেদের দলের পক্ষ থেকে একটি ওয়েব প্রজেক্টে অভিনয়ের প্রস্তাব পান তিনি। প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারেননি। ভেবেছিলেন, হয়তো কেউ তাঁর সঙ্গে মজা করছেন। কারণ, ভিকি জাহেদের কাজের প্রতি আগে থেকেই মুগ্ধতা ছিল তাঁর।
পরে আবার ফোন করে জানানো হয়, ভিকি জাহেদ তাঁর সঙ্গে দেখা করতে চান। তাতেও যেন বিস্ময় কাটছিল না রেহানের। সেই প্রস্তাব থেকেই ‘আরারাত’-এ অভিনয়ের সুযোগ। এরপর ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতা তাঁর অভিনয়জীবনকে আরও এক ধাপ এগিয়ে দেয়। ধীরে ধীরে দর্শকের কাছে তৈরি হতে থাকে তাঁর আলাদা পরিচিতি।
এবার সেই ভিন্নধর্মী চরিত্রের ধারাবাহিকতায় বড় পর্দায় আসছেন রেহান। রায়হান রাফীর পরিচালনায় ‘আন্ধার’ সিনেমায় হিমেল চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। বিশেষ করে হরর গল্পের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রেহান বলেন, ‘আমাকে যারা চেনেন, তারা জানেন আমি হরর গল্প কতটা ভালোবাসি। এত বড় একটি হরর সিনেমায় কাজের সুযোগ পাব, তা কখনও ভাবিনি। অভিনয়ে পথচলা শুরুর সময়েই রায়হান রাফীর মতো একজন তারকা নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পাওয়া বিশেষ অর্জন বলে মনে করি।’
মুক্তির আগেই সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় এসেছে ‘আন্ধার’। হরর ঘরানার এই সিনেমার গল্পের পেছনেও রয়েছে দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতা। ভূত, অলৌকিক ঘটনা এবং রহস্য নিয়ে দীর্ঘদিনের গবেষণার পাশাপাশি জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে সিনেমাটির মূল গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন।
সিনেমাটিতে রেহান ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা। এমন একঝাঁক অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনয়শিল্পীর সঙ্গে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে রেহানের। নিঃসন্দেহে এটি তাঁর ক্যারিয়ারের জন্য বড় একটি অভিজ্ঞতা।
মডেলিং থেকে অভিনয়, ওয়েব প্রজেক্টের ব্যতিক্রমী চরিত্র থেকে সিনেমার বড় আয়োজন– রেহানের পথচলায় প্রতিটি ধাপেই রয়েছে নতুন কিছু করার চেষ্টা। শুরুতেই জিনের মতো কঠিন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। এবার ‘আন্ধার’-এর হিমেল হয়ে দর্শকের সামনে হাজির হওয়ার অপেক্ষা।
- বিষয় :
- ফাররুখ আহমেদ রেহান
- অভিনেতা
- সিনেমা