চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে
ডেভিড ইমনকে কারাগারে আনা হয়। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৮:২৪
চট্টগ্রাম নগরের চকবাজার থানার চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় আসামি ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চকবাজার থানার অন্য একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এর আগে, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।
- বিষয় :
- চট্টগ্রাম