অভিনেত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা
গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৯:৪২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১৯:৪৮
পেশাগত জীবনে একের পর এক সাফল্য এলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না। ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ ও ‘বিগ বস ১৯’–এর বিজয়ী এই অভিনেতার সঙ্গে প্রায় এক দশকের দাম্পত্যে ইতি টানার খবর জানিয়েছিলেন স্ত্রী অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা। এত দিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি গৌরব। এবার বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা জানালেন তিনি। তার মতে, সম্পর্কে সবটুকু উজাড় করে দেওয়ার পরও অনেক সময় তার মূল্য চোকাতে হয়।
আসন্ন ধারাবাহিক ‘দিল কী বেবাফাইয়াঁ’র সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরব। সেখানে দাম্পত্য সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। অভিনেতার জানান, একটি সম্পর্কে ভালোবাসা ও স্থায়িত্বের পাশাপাশি নতুনত্ব এবং রোমাঞ্চও প্রয়োজন।
গৌরব বলেন, ‘আমি মনে করি, দাম্পত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থায়িত্ব। ভিত মজবুত হলে বাড়িও শক্ত হয়। কিন্তু অনেক সময়ে মানুষ দাম্পত্যে নতুনত্ব এবং উত্তেজনাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে স্থায়িত্বের কথাই ভুলে যান। আবার কখনো উল্টোটাও হয়।’

জীবনের সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ নেই জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি জীবনের প্রতিটি কাজে মনপ্রাণ ঢেলে দিই। ফলাফল সব সময়ে আমাদের হাতে থাকে না। তাই আমি থেমে যাই না। অতীতের আক্ষেপ আঁকড়ে বসে থাকলে জীবনে এগিয়ে যাওয়া যায় না।’
সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সঙ্গীর কথা ও অনুভূতি বোঝার ওপরও গুরুত্ব দিয়েছেন গৌরব। তার কথায়, ‘অন্য মানুষটি কী বলতে চাইছেন, সেটা বোঝা জরুরি। কারণ কাউকে জোর করে কিছু করানো যায় না। জীবনে অনেক বাধা আসতে পারে। তবে ভালো সঙ্গী হওয়ার সবচেয়ে বড় দিক হলো, সবকিছু নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা না করা। সবটাই ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিতে পারলে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায়।’
সঙ্গীর আচরণে আঘাত পেলেও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছান না বলে জানিয়েছেন অভিনেতা। এ প্রসঙ্গে গৌরব বলেন, ‘আমি কোনো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাই না। বরং ভাবি, হয়তো অন্য মানুষটি কাজের চাপে রয়েছেন, অথবা হয়তো তাঁর শরীর ভালো নেই।’

এদিকে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর আকাঙ্ক্ষাও একটি রিয়্যালিটি শোতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, নারীদের প্রতি তার আকর্ষণ রয়েছে। নারীদের কোমলতা ও আবেগ তাকে আকর্ষণ করে। তবে সেই আকর্ষণ কেবল মানসিক। নিজেকে ‘অ্যাসেক্সুয়াল’ অর্থাৎ যৌন আকাঙ্ক্ষাহীন বলেও পরিচয় দিয়েছিলেন অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার অনলাইন
- বিষয় :
- বিবাহ বিচ্ছেদ
- বিচ্ছেদ
- অভিনেত্রী