ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা

অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা
×
×

রোজিনা ও ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২০:০০

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দেড় বছরের বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি।  সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় তার সঙ্গে দেখা করে এই খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। 

সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরেন অভিনেত্রী। জানান, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন ইলিয়াস কাঞ্চন। শুধু দেখা করাই নয়, একসঙ্গে বসে খাবার খেয়েছেন তারা। 

রোজিনা লেখেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাকে দেখতে।’

তিনি আরও লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। যোগ দিয়েছিলেন নিরাপদ সড়ক চাইসহ নানা সামাজিক অনুষ্ঠানে। এ ছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ায় নিজের গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের মানুষদের সঙ্গেও দেখা করেন। তবে চিকিৎসা চালিয়ে যেতে আবারও লন্ডনে ফিরে যেতে হয় তাকে।

আরও পড়ুন

×