বলিউড অভিনেতার খুনসুটি, নাশতার টেবিলে যা বলেছিলেন সোহেল খান
নাস্তার টেবিলে মুকিত জাকারিয়া, সোহেল খান ও মুকেশ ঋষি। ছবি: ছবিটি পরিস্কার করতে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৮:১৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৮:১৬
একসঙ্গে বগুড়ায় গিয়েছিলেন শুটিংয়ে। কথা ছিল, কাজ শেষ করে একসঙ্গেই ঢাকায় ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হলো না। বগুড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মঙ্গলবার সকালে মারা গেছেন অভিনেতা সোহেল খান। বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে হারিয়ে শোকাহত অভিনেতা মুকিত জাকারিয়া। বন্ধুর সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলোর স্মৃতিই এখন বারবার মনে পড়ছে তাঁর।
মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন মুকিত। সেখানে তার সঙ্গে ছিলেন সোহেল খান ও বলিউড অভিনেতা মুকেশ ঋষি। শুটিং শেষে একসঙ্গে নাশতা করছিলেন তারা। ভিডিওটি শেয়ার করে মুকিত লিখেছেন, ‘আমি, সোহেল খান আর বলিউড অভিনেতা মুকেশ ঋষি। শুটিং শেষে একসঙ্গে নাশতা করছি। আর কোনো দিন সোহেল খানের সঙ্গে দেখা হবে না। ওপারে ভালো থাকবেন ভাই।’
নাশতার টেবিলে সোহেলের সঙ্গে কথোপকথনের স্মৃতিও জানিয়েছেন মুকিত। তিনি বলেন, ‘সকালে আমরা একসঙ্গে নাশতার টেবিলে ছিলাম। মুকেশ ঋষিও সঙ্গে ছিলেন। আমি মুকেশের পাশে বসেছিলাম। তখন সোহেল ভাই বলল, আমাকে মুকেশের পাশে বসতে দাও। এরপর মুকেশকে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো। কথাগুলো কানে খুব বাজছে। আজ তো সোহেলের কথা শুনে মুকেশ হাসপাতালে ছুটে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না। আমারও বিশ্বাস হচ্ছে না, তোমারে ঘুমাইতে দিমু না বইলা বন্ধু আমার আজীবনের জন্য ঘুমাইয়ে গেল....।’
অন্য একটি পোস্টে মুকিত লিখেছেন, ‘তুমিও চলে গেলে সোহেল ভাই। আজ সকালে তুমি আর আমি একসঙ্গে নাশতা করলাম। আর কখনো তোমার সঙ্গে নাশতা করা হবে না। তোমার কথা সব সময় মনে পড়বে। ওপারে ভালো থাকবেন সোহেল ভাই।’
সোহেল খানের সঙ্গে মুকিত জাকারিয়ার পরিচয় ও বন্ধুত্ব ১৪ বছরের বেশি সময়ের। নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র—বিভিন্ন মাধ্যমে একসঙ্গে কাজ করেছেন তারা। দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে বগুড়ায় পাশাপাশি কক্ষে থাকার আনন্দও ছিল আলাদা।
মঙ্গলবার সকালে হোটেলের নিচতলার ক্যানটিনে নাশতা করেন সোহেল ও মুকিত। এরপর দুজনই নিজ নিজ কক্ষে ফিরে যান। শুরু হয় শুটিংয়ের প্রস্তুতি। মুকিত মেকআপ নিয়ে তৈরি হচ্ছিলেন। মেকআপ চলছিল এল আর খান সীমান্তেরও। এর মধ্যে সহকারী পরিচালক রাজু সোহেল খানকে শুটিংয়ের জন্য ডাকতে তাঁর কক্ষে যান। সেখানে গিয়ে তাঁকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে চিৎকার করেন রাজু। তাঁর চিৎকার শুনে পাশের কক্ষের সবাই ছুটে আসেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা সোহেল খানকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার মমো ইন হোটেলে পাশাপাশি কক্ষে থাকা বন্ধু ও সহকর্মীদের কাছে মুহূর্তেই বদলে যায় পরিচিত পরিবেশ। যে মানুষটি কয়েক রাত আগেও হাসি-আড্ডায় মাতিয়ে রেখেছিলেন, তাকে আর দেখা যাবে না—এ সত্য মেনে নিতে পারছেন না কেউ।
‘নসীব’ সিনেমার শুটিংয়ের আগে মুকিত জাকারিয়া ও সোহেল খান একসঙ্গে অভিনয় করেছিলেন মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ। এবার মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমায় আবারও একসঙ্গে কাজ করছিলেন তারা। সোহেলের আকস্মিক মৃত্যুতে শুটিং ইউনিটেও নেমে আসে শোকের ছায়া। মঙ্গলবারের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কী!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)।
দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন সোহেল খান। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে।
- বিষয় :
- মুকিত জাকারিয়া
- সোহেল খান
- মুকেশ ঋষি