মৃত্যুর দশ বছর পরও শ্রোতার হৃদয়ে অমলিন বারী সিদ্দিকী
বারী সিদ্দিকী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৯:১৫
মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর ও প্রখ্যাত বাঁশিবাদক বারী সিদ্দিকীর চলে যাওয়ার দিন আজ। ২০১৭ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন বাংলার লোকসংগীতের এই কিংবদন্তি শিল্পী ও গীতিকার।
১৯৫৪ সালের ১৫ নভেম্বর জন্ম নেওয়া বারী সিদ্দিকী তাঁর দরদভরা কণ্ঠ, অসাধারণ বাঁশিবাদন ও লোকসংগীতের স্বতন্ত্র পরিবেশনার মাধ্যমে কোটি শ্রোতার হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘আমি একটা জিন্দা লাশ’সহ অসংখ্য কালজয়ী গান আজও মানুষের মুখে মুখে ফেরে এবং শ্রোতার আবেগকে গভীরভাবে স্পর্শ করে।
বারী সিদ্দিকীর দশম প্রয়াণ দিবস স্মরণে আজ মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ৮টায় আয়োজন করা হয়েছে এক বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটি এনটিভি চ্যানেল, এনটিভির ইউটিউব চ্যানেল এবং এনটিভির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।
আয়োজকেরা জানিয়েছেন, প্রয়াত এই গুণী শিল্পীর বর্ণাঢ্য সংগীতজীবন, সাধনা ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই বিশেষ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম লোকসংগীতের শিকড়, ঐতিহ্য এবং বারী সিদ্দিকীর অসামান্য অবদান সম্পর্কে আরও কাছ থেকে জানতে পারবে।
বিশেষ এই সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের বর্তমান সময়ের আলোচিত জনপ্রিয় সংগীতশিল্পী এবং বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্স আলমগীর। গানের পাশাপাশি শ্রোতা ও দর্শকের জন্য থাকছে সরাসরি যুক্ত হওয়ার বিশেষ সুযোগ। অনুষ্ঠান চলাকালীন দর্শক সরাসরি ফোনের মাধ্যমে শিল্পী প্রিন্স আলমগীরের সঙ্গে কথা বলতে এবং প্রিয় শিল্পীকে নিয়ে নিজেদের অনুভূতি, গানের অনুরোধ ও স্মৃতি ভাগ করে নিতে পারবেন।
লোকজ সুর, আধ্যাত্মিক ভাবনা আর বাঁশির মায়াবী মূর্ছনায় বারী সিদ্দিকী যে অনন্য সংগীতধারা তৈরি করেছিলেন, তা বাংলা সংগীতের ভান্ডারে চিরস্মরণীয় হয়ে থাকবে। দশম প্রয়াণ দিবসে এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে তাঁর স্মৃতি, গান ও সৃষ্টিকর্মকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন দেশ-বিদেশের অগণিত অনুরাগী, ভক্ত ও সংগীতপ্রেমী। এমটিই জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
- বিষয় :
- বারী সিদ্দিকী