‘আমি আমার সিনেমা হেক্সড নিয়ে এসেছি’
হেইলি স্টেইনফেল্ড
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৯:০৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৯:১৮
মার্ভেলের সুপার হিরোদের নতুন অভিযানে যুক্ত হচ্ছে আরও একটি পরিচিত মুখ। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে কেট বিশপ চরিত্রে ফিরছেন হলিউড অভিনেত্রী হেইলি স্টেইনফেল্ড। সম্প্রতি মার্ভেল স্টুডিওস ও ডিজনি অ্যানিমেশন যৌথভাবে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সিনেমায় তাঁর চরিত্রের ব্যাপ্তি কিংবা গল্পে ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ভিডিওটি ধারণ করা হয়েছে হেইলির নতুন অ্যানিমেটেড সিনেমা ‘হেক্সড’-এর প্রচারণার সময়। সেখানে অভিনেত্রীকে একটি কালো পরিচালকের চেয়ারের সামনে দেখা যায়। চেয়ারের পেছনে লেখা ছিল তার নাম।
বিষয়টি দেখে মজার ছলে হেইলি বলেন, ‘আমি এখানে আমার সিনেমা হেক্সড নিয়ে এসেছি। কিন্তু মনে হচ্ছে, অন্য একটি সিনেমার চেয়ার এখানে পৌঁছে গেছে।’
ভিডিওটির ক্যাপশনেই স্পষ্ট করা হয়, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে দেখা যাবে তাঁকে। মার্ভেলের এই ঘোষণার পর নতুন সিনেমায় কেট বিশপের সম্ভাব্য ভূমিকা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

২০২১ সালে ডিজনি প্লাসের সিরিজ ‘হকআই’-এর মাধ্যমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে অভিষেক হয় হেইলির। এতে জেরেমি রেনারের অভিনীত ক্লিন্ট বার্টনের সঙ্গে তিরন্দাজ কেট বিশপের চরিত্রে অভিনয় করেন তিনি। ছোটবেলা থেকেই দক্ষ তিরন্দাজ হিসেবে গড়ে ওঠা কেটের কাছে ক্লিন্ট বার্টন ছিলেন আদর্শ। পরবর্তী সময়ে তাঁর কাছ থেকেই প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন সুপার হিরো হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে যায় চরিত্রটি। সিরিজটিতে হেইলির অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়।
এরপর ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য মার্ভেলস’ সিনেমার শেষ দৃশ্যেও দেখা যায় কেটকে। সেখানে কামালা খান চরিত্রে অভিনয় করা ইমান ভেলানি তাঁর সঙ্গে যোগাযোগ করে তরুণ সুপার হিরোদের একটি দল গঠনের আগ্রহ প্রকাশ করে। দৃশ্যটি মার্ভেলের সম্ভাব্য ‘ইয়ং অ্যাভেঞ্জার্স’ প্রকল্প নিয়ে দর্শকদের মধ্যে নতুন জল্পনার জন্ম দেয়। যদিও এখন পর্যন্ত এ নামে কোনো সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ‘ডুমসডে’তে কেটের উপস্থিতি সেই জল্পনাকে আবারও সামনে নিয়ে এসেছে।
এদিকে সিনেমাটিতে আরও কয়েকজন পরিচিত চরিত্রের প্রত্যাবর্তনের খবর পাওয়া গেছে। এলিজাবেথ ওলসেনকে দেখা যাবে ওয়ান্ডা ম্যাক্সিমফ বা স্কারলেট উইচ চরিত্রে।

অন্যদিকে, রবার্ট ডাউনি জুনিয়র এবার ফিরছেন সম্পূর্ণ ভিন্নরূপে। আয়রনম্যান নয়, তাঁকে দেখা যাবে মার্ভেলের অন্যতম ভয়ংকর খলনায়ক ডক্টর ডুমের ভূমিকায়। অ্যান্থনি ও জো রুশো পরিচালিত সিনেমাটিতে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর ও এক্স-মেন ফ্র্যাঞ্চাইজির একাধিক চরিত্রও একত্র হবে।
বিভিন্ন প্রজন্মের সুপার হিরোদের একই গল্প নিয়ে আসার পরিকল্পনা সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়েছে। বিশেষ করে কেট বিশপের মতো তরুণ চরিত্রগুলো বড় পরিসরের এই লড়াইয়ে কীভাবে যুক্ত হবে, তা নিয়ে কৌতূহল রয়েছে দর্শকদের। তবে হেইলি স্টেইনফেল্ডের প্রত্যাবর্তন শুধু একটি পরিচিত চরিত্রের ফেরা নয়, মার্ভেলের ভবিষ্যৎ গল্পে তরুণ সুপার হিরোদের অবস্থান নিয়েও নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।
- বিষয় :
- হেইলি স্টেইনফেল্ড