হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুসরাত
নুসরাত জাহান- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৬:২৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ০৬:৪০
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ নুসরাত জাহান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে আপাতত ক'দিন বিশ্রামে থাকতে হবে এ অভিনেত্রীকে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়।
রোববার রাত ৯টা ৩০টা নাগাদ আচমকাই প্রচণ্ড শ্বাসকষ্ট হতে শুরু করে নুসরাতের। দেরি না করে দ্রুত তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে রাখা হয়। ওই হাসপাতালের চিকিৎসক ডা. সন্দীপ মণ্ডলের তত্বাবধানে ছিলেন তিনি।
নুসরাতের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, শ্বাসকষ্টের জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তিনি দীর্ঘদিন ধরেই অ্যাজমার রোগী। এর আগেও তার এমন সমস্যা হয়েছে। দিনভর চিকিত্সার পর সোমবার দুপুরে ছেড়ে দেওয়া হয় নুসরতকে। চিকিৎসকরা জানিয়েছেন, নুসরাতের অবস্থা আগের থেকে অনেকটা ভালো। তবে তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে এবং কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হবে।
এদিকে রবিবারই ছিল নুসরাতের স্বামী নিখিল জৈনের জন্মদিন। স্বামীকে বিশেষ দিনের উপহার দিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে তাদের বেশ কয়েকটি রোমান্টিক ছবিও পোস্ট করেন তৃণমূল সাংসদ। কিন্তু রাতের বেলায় অসুস্থ হয়ে পড়েন তিনি।
এ বছর ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়ী ৪২ প্রার্থীর মধ্যে সবচেয়ে কম বয়সী হলেন অভিনেত্রী নুসরাত জাহান। তার বয়স ২৮ বছর। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিরহাট লোকসভা আসন থেকে তিনি বিজয়ী হন।
- বিষয় :
- নুসরাত জাহান
- বিনোদন
