ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জয়ললিতার চরিত্রের জন্য হরমোনের ওষুধ খেয়েছিলেন কঙ্গনা

জয়ললিতার চরিত্রের জন্য হরমোনের ওষুধ খেয়েছিলেন কঙ্গনা
×

থালাইভি ছবির ফার্স্টলুক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৪:০৯

‘থালাইভি’ ছবিতে জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। তিন দিন আগে প্রকাশ পেয়েছে সেই ছবির ‘ফার্স্টলুক’। নতুন রূপে কঙ্গনাকে দেখে প্রথমে চমকে গিয়েছিলেন নেটিজেনরা। ভারী চেহারা, মাঝখানে সিঁথি... পরিণত বয়সের জয়ললিতার সঙ্গে হুবহু মিল!

ভক্তদের মনে একটাই প্রশ্ন কীভাবে নিজেকে বদলে ফেললেন তিনি?

অবশেষে কঙ্গনা জানালেন, ওই চরিত্রের প্রয়োজনে তাকে কী কী করতে হয়েছিল।

দক্ষিণী পরিচালক বিজয় পরিচালিত ছবিতে অভিনয় নিয়ে কঙ্গনা বলেন, ‘বেশি বয়সের জয়ললিতাকে ফুটিয়ে তোলার জন্য আমায় আরও ওজন বাড়াতে হয়েছে। যেহেতু আমি রোগা এবং লম্বা,  আমার মুখও তার মতো গোল নয়,  তাই আমাকে স্বল্প মাত্রায় হরমোনের ওষুধ খেতে হয়েছিল। সঙ্গে আরো অনেক খাবারও খেয়েছি।

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা আরও যোগ করেন, ‘বিজয় চেয়েছিলেন আমায় যেন অবিকল আম্মার (জয়ললিতা) মতো দেখতে লাগে। আম্মার জীবন বর্ণময়। যখন ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন,  তখন তার ফিগার ছিল দেখার মতো। রাজনীতিতে আসার কিছু দিন পর তার একটি দুর্ঘটনা ঘটে। সেই সময় অনেক স্টেরয়েড ইঞ্জেকশন নিতে হয়েছিল তাকে। আর সে জন্যই তার চেহারার পরিবর্তন হয়। সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছি  আমরা ।’

এ দিকে কঙ্গনার ‘জয়ললিতা লুক’ প্রকাশ্যে আসতেই রাতারাতি দু’ভাগ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। কেউ কেউ ফেটে পড়েছিলেন প্রশংসায়। কেউ আবার সেই লুক নিয়ে মজা করতেও ছাড়েননি। সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে হাজারও কমেন্ট। কেউ লিখেছিলেন তাকে নাকি জয়ললিতা কম, স্মৃতি ইরানী মতো বেশি লাগছে। কারও মতে, তিনি নাকি কমল হাসান অভিনীত ‘চাচি ৪২০’-এর চাচি। যদিও কঙ্গনা অনুরাগীদের মতে, কঙ্গনা ছাড়া জয়ললিতার মতো এক জন রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র কেউ ফুটিয়ে তুলতে পারতেন না।

কঙ্গনা ফুল মার্কস পেয়ে পাশ করবেন কি না, তা যদিও সময় বলবে। তবে ‘থালাইভি’ ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে বেশ উন্মাদনা তৈরি করেছে। ছবিটা মুক্তি পাবে আগামী বছরের জুন মাসে। কঙ্গনা ছাড়াও ওই ছবিতে দেখা যাবে ‘বম্বে’, ‘রোজা’ খ্যাত অরবিন্দ স্বামীকে।

জয়ললিতা

আরও পড়ুন

×