ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভেঙে ফেলায় চলচ্চিত্র নির্মাতাদের প্রতিবাদ

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভেঙে ফেলায় চলচ্চিত্র নির্মাতাদের প্রতিবাদ
×

ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটা ভেঙে সাইকেল গ্যারেজ করার খবর মঙ্গলবার প্রকাশিত হয় সমকালে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৩

বরেণ্য বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়ি রাজশাহীর মিঞা পাড়ার ভবনটি ভেঙে ফেলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১২ জন চলচ্চিত্র নির্মাতা। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদের কথা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘পরিত্যক্ত ওই বাড়িতে একটি ‘ঋত্বিক চলচ্চিত্র কেন্দ্র’ প্রতিষ্ঠা দেশের চলচ্চিত্র কর্মীদের দীর্ঘদিনের দাবি। কিন্তু সামরিক শাসন এবং স্বৈর শাসনকালে সে স্থানে একটি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠা করা হয়। রাজশাহীর ‘ঋত্বিক চলচ্চিত্র সংসদ’ কর্মীরা সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে ঐতিহ্যবাহী বাড়িতে একটি চলচ্চিত্র কেন্দ্র করার জন্য দাবিপত্র মন্ত্রণালয়ে জমা দিয়েছিলেন। কিন্তু গত ৩ বছরেও কোনো উত্তর পাওয়া যায়নি। গত ২১ ডিসেম্বর কলেজ কর্তৃপক্ষ সাইকেল স্ট্যান্ড করার অজুহাতে ভবনের একটি অংশ গুড়িয়ে দেয়। আমরা এ হীন কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি মঙ্গলবার সংস্কৃতিপ্রতিমন্ত্রী কে এম খালেদ বাবু'র নজরে এলে তিনি জেলা প্রশাসককে ভাঙার কাজ দ্রুত স্থগিত করতে বলেন। ফলে ভাঙার কাজ স্থগিত হয়েছে। কিন্তু আমরা মনে করি এটা সাময়িক ব্যবস্থা।’

বিবৃতিতে আরও বলা হয় ‘বাংলা চলচ্চিত্রের নিজস্ব ভাষা নির্মাণে ঋত্বিক ঘটক একটি অবিস্মরণীয় নাম। তিনি আমাদের এই বাংলাদেশে জন্মেছিলেন এ তো আমাদের গর্বের বিষয়। আমরা অনতি বিলম্বে ‘ঋত্বিক সেন্টার’ প্রতিষ্ঠা এবং আমাদের চলচ্চিত্রের ঐতিহ্য রক্ষার জন্য ঋত্বিক ঘটকের পৈতৃক ভবনটিকে হেরিটেজ ঘোষণা করে স্থায়ী সমাধানের আহ্বান জানাচ্ছি। দেশ বিদেশের চলচ্চিত্র প্রদর্শন, গবেষণা, প্রশিক্ষণ ও উৎসব আয়োজনের মধ্য দিয়ে উত্তরবঙ্গে একটি ভিন্নমাত্রার চলচ্চিত্র আন্দোলন এই প্রস্তাবিত প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠবে। আর এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুললে আমাদের চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ সাধিত হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের জোর দাবি হোমিওপ্যাথিক কলেজটি ভিন্ন একটি স্থানে স্থানান্তর করে ‘ঋত্বিক চলচ্চিত্র কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হোক।’

বিবৃতি দাতারা হলেন- নাসির উদ্দীন ইউসুফ, তানভীর মোকাম্মেল, মানজারে হাসীন মুরাদ, মোরশেদুল ইসলাম, এনায়েত করিম বাবুল, জাহিদুর রহিম অঞ্জন, শামীম আক্তার, নূরুল আলম আতিক, এন রাশেদ চৌধুরী, ফওজিয়া খান, আকরাম খান ও রাকিবুল হাসান।

আরও পড়ুন

×