শেষ হলো ফারুকীর নো ল্যান্ডস ম্যান-এর শুটিং
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ০৭:৩৮ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ | ০৭:৪৬
চলতি বছরের আলোচিত সিনেমা 'নো ল্যান্ডস ম্যান'-এর দৃশ্যধারণ শেষ হয়েছে। রোববার ছবিটির অভিনেতা ও সহ-প্রযোজক বলিউডের নওয়াজুদ্দিন সিদ্দিকী ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চত করেছেন। পাশাপাশি নতুন বছরের শুভকামনা জানিয়ে পুরো ইউনিটের একটি ছবি শেয়ার করেছেন তিনি।
ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এর গল্প দক্ষিণ এশিয়ার একজন মানুষকে ঘিরে। আমেরিকায় অস্ট্রেলিয়ার এক তরুণীর সঙ্গে সাক্ষাতের পর তার জীবনটা বিচিত্রভাবে বদলে যায়। ইংরেজি ভাষায় নির্মিত এই ছবিতে নওয়াজুদ্দিন ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী তাহসান ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান।
প্রসঙ্গত, ২০১৪ সালে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকা ও এশিয়া প্যাসিফিক স্ট্ক্রিন অ্যাওয়ার্ডস স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ফান্ড জেতে 'নো ল্যান্ডস ম্যান'।
একই বছর ভারতে ফিল্ম বাজারে সেরা প্রজেক্ট নির্বাচিত হয় এর পাণ্ডুলিপি। ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, বাংলাদেশের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চলতি বছর ছবিটি মুক্তি পেতে পারে।
