ইউরোপ, এশিয়ার গণমাধ্যমে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
খামারে অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পের’ চুল আঁচড়ে দেন এক ব্যক্তি। ১৭ মে নারায়ণগঞ্জে। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৩:২৩ | আপডেট: ২২ মে ২০২৬ | ১৪:৫৬
কেবল একটি নামের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে অ্যালবিনো (ধবল) মহিষ। ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি উপযোগী করা মহিষটির নাম এখন অনেকেরই জানা- ‘ডোনাল্ড ট্রাম্প’।
বাংলাদেশি গণমাধ্যমগুলোর পর গত কয়েকদিনে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ, ফ্রান্সের জনপ্রিয় টেলিভিশন টিএফওয়ান, বার্তা সংস্থা এএফপি, পাকিস্তানের দৈনিক ডন, ভারতের এনডিটিভি ও থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট।
টেলিগ্রাফ তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প’। এতে বলা হয়েছে, সোনালী রঙের বাহারি চুলের কারণে মহিষটির নাম রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের নামানুসারে। সোনালী চুলের ঝুঁটি থাকা প্রায় দেড় হাজার পাউন্ড ওজনের এই মহিষটি ইতোমধ্যে তারকা বনে গেছে।
টেলিগ্রাফ লিখেছে, চলতি মাস জুড়ে নারায়ণগঞ্জে জিয়া উদ্দিন মৃধার খামারে মহিষটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। জিয়ার উদ্ধৃতি অনুযায়ী, চার বছর বয়সী এই মহিষকে তিনি গত এক বছর ধরে লালন-পালন করেছেন। কোরবানির পর তিনি ‘ডোনাল্ড ট্রাম্পকে খুব মিস করবেন’।

টিএফওয়ান তাদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমের পেজে মহিষটিকে নিয়ে একটি শর্টস ভিডিও প্রকাশ করেছে। বর্ণনা দেওয়া হয়েছে, ‘মহিষটির চুলের বাহার নিখুঁত রাখতে মালিকেরা প্রতিদিন সেটি ব্রাশ করেন।’ ফরাসি ভাষার এই গণমাধ্যমটির শর্টস ভিডিও ইউটিউবে ৩ লাখ ৬৬ হাজার বার দেখা হয়েছে। ফেসবুকে লাইক দিয়েছেন ১ লাখ ২১ হাজার ব্যবহারকারী, দেখা হয়েছে ৬২ লাখের বেশি।
ইউরোপের আরেক গণমাধ্যম ইউরো নিউজ লিখেছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ ডাকনামের মহিষটি হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। মহিষটি নিয়ে বার্তা সংস্থা এএফপির তথ্যের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের দৈনিক ডন। তারা শিরোনাম করেছে, ‘কমান্ডার-ইন-বিফ: বাংলাদেশিজ ডোনাল্ড ট্রাম্প বাফেলো উইনস ফ্যানস’।
খামারের মালিক জিয়া উদ্দিনের উদ্ধৃতিতে ব্যাংকক পোস্ট লিখেছে, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়েছিল। এরপর জিয়ার ভাই সেটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
- বিষয় :
- মহিষ
- ডোনাল্ড ট্রাম্প
- কোরবানির হাট
- গণমাধ্যম
