উইন্ডোজে ফোল্ডার পাসওয়ার্ড লক করুন
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ আগস্ট ২০২২ | ২২:৩৫
কম্পিউটার কিংবা ল্যাপটপে অনেক গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষণ করা থাকে। অফিসে কিংবা বাসায় সাধারণত একই পিসি/ল্যাপটপ অনেকে ব্যবহার করে থাকেন। এতে করে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ অনেক ফাইলে যে কেউ চাইলেই ঢু মারতে পারেন। তবে চাইলে উইন্ডোজ পিসিতে ফাইল-ফোল্ডার পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লক করে রাখা যায়। উইন্ডোজে তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যার ছাড়াই ইচ্ছে করলে ফাইল-ফোল্ডার লক রাখা যায়। একবার পাসওয়ার্ডের মাধ্যমে কোনো ফাইল লক করলে একক্রিপ্টেড হয়ে যায়। ফলে এটি অন্যের কাছ থেকে থাকে সুরক্ষিত।
ফাইল লক করার সুবিধা
ফাইল-ফোল্ডারে ব্যক্তিগত কাজ সুরক্ষিত রাখা।
আপনিই একমাত্র ব্যক্তি যে ওই ফাইল-ফোল্ডার খুলতে পারবেন (অন্য কারও সঙ্গে পাসওয়ার্ড শেয়ার না করলে)
পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে অন্যের কাছে নিরাপদে ফাইল-ফোল্ডার পাঠানো। শুধু সংশ্নিষ্ট পাসওয়ার্ড জানা ব্যক্তিই ওই ফাইল-ফোল্ডার খুলতে পারবেন।
যেভাবে লক করবেন
কম্পিউটার/ল্যাপটপ চালু করে সেটিংস থেকে ফাইল ম্যানেজার অপশনে গিয়ে যে ফাইল কিংবা ফোল্ডার লক করতে ইচ্ছুক, সেটি নির্বাচন করুন। ড্রপডাউন মেন্যুতে রাইট ক্লিক করুন। এখান থেকে প্রপার্টিজ অপশন সিলেক্ট করুন। এবার জেনারেল ট্যাব থেকে অ্যাডভান্সড বাটনে ক্লিক করুন। কমপ্রেস অথবা এনক্রিপ্ট এট্রিবিউটস মেন্যুতে গিয়ে 'এনক্রিপ্ট কনটেন্টস টু সিকিউর ডাটা' বক্সে টিক দিন। ওকে বাটন চাপুন। এবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। পপ-আপ মেন্যু থেকে 'এনক্রিপ্ট দ্য ফাইল অনলি' অপশন নির্বাচন করে ওকে বাটন চাপুন। ফের ক্লিক বাটন চেপে প্রপার্টিজ অপশন বন্ধ করুন। এবার খেয়াল করে দেখুন, আপনার সংশ্নিষ্ট ফাইল কিংবা ফোল্ডারে লক অপশন প্রদর্শিত হচ্ছে।
আনলক করবেন যেভাবে
ওই ফাইল অথবা ফোল্ডার আনলক করতে ওই ফাইল/ফোল্ডারে মাউস রেখে ডান বাটন ক্লিক করুন। ড্রপ-ডাউন মেন্যু থেকে প্রপার্টিজ সিলেক্ট করুন। এবার 'অ্যাডভান্সড' মেন্যু সিলেক্ট করুন। 'এনক্রিপ্ট কনটেন্টস টু সিকিউর ডাটা' বক্সেও চেক মার্ক (টিক) তুলে দিন। এরপর ওকে এবং অ্যাপ্লাই বাটন চাপুন।
- বিষয় :
- উইন্ডোজ
- পাসওয়ার্ড লক
