উইন্ডোজ ১১ নতুন ফিচার
মোহম্মাদ আলিফ
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ | ০৪:৫৩
উইন্ডোজ ১১ সংস্করণে এসেছে নতুন আপগ্রেড। নতুন আপগ্রেডে নতুন ফিচারের পাশাপাশি আগের ফিচারও নতুন আঙ্গিকে এসেছে। এসব ফিচারের মধ্যে রয়েছে ইন্টারফেস, কর্মক্ষমতা, গেমিং, অ্যাপ্লিকেশন ব্যবস্থাপনা প্রভৃতি। ১৯০টিরও বেশি দেশ এই আপগ্রেড বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে।
ভয়েস টাইপিং
উইন্ডোজ ১১ সংস্করণে নতুন ভয়েস টাইপিং টুল যুক্ত হয়েছে। উইন্ডোজে ভয়েস টাইপ করতে রিহ + ঐ চেপে প্রয়োজনীয় শব্দ মুখে বললে তা সরাসরি টাইপ হয়ে যাবে।
ফাইল ম্যানেজারে ট্যাব
ওয়েব ব্রাউজারের মতো মাইক্রোসফটও উইন্ডোজের ফাইল ম্যানেজারে ফাইল ট্যাব যুক্ত করেছে। ফিচারটির মাধ্যমে একই সময়ে একাধিক ট্যাব এবং ড্রাইভার খোলা যাবে। ফিচারটির সহায়তায় ফাইল সাজানো এবং পরিচালনা আরও সহজ হবে।
এক্সবক্স গেমিং ফিচার
উইন্ডোজ ১১ সংস্করণে স্বয়ংক্রিয় এইচডিআর বৈশিষ্ট্য যুক্ত হয়েছে, যা গেমিং কনসোল সিরিজ এক্সবক্স এক্স-এসে পাওয়া যেত। এটি এইচডিআর সমর্থিত মনিটরে নতুন গেমিং অভিজ্ঞতা দেবে।
স্মার্টঅ্যাপ কন্ট্রোল
উইন্ডোজ পিসিকে আক্রমণ এবং ম্যালওয়ার থেকে সুরক্ষিত রাখতে এসেছে স্মার্টঅ্যাপ কন্ট্রোল ফিচার। নতুন 'স্মার্টঅ্যাপ কন্ট্রোল' ফিচার ক্ষতিকর এবং অনির্ভরযোগ্য সোর্সের অ্যাপকে ব্লক করে পিসিকে ম্যালওয়ার থেকে সুরক্ষা দেয়। সিস্টেমের কর্মদক্ষতার ক্ষতি করতে পারে অবাঞ্ছিত অ্যাপও এটি ব্লক করে দেয়।
স্টার্ট মেনু ফোল্ডার
ফিচারটি একই ধরনের অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যারকে একসঙ্গে একই ফোল্ডারে রাখতে সাহায্য করে। এটি অনেকটা স্মার্টফোনের হোমপেজে থাকা ফোল্ডারের মতো। সুবিধাটি পেতে শুধু একটি অ্যাপ আরেকটি অ্যাপের ওপর এনে ছেড়ে দিতে হবে। এতে করে নতুন একটি ফোল্ডার তৈরি হবে, যার মধ্যে একাধিক অ্যাপ রাখা যাবে।
নতুন টাস্ক ম্যানেজার ডিজাইন
উইন্ডোজ টাক্স ম্যানেজার সব সময় একটি দরকারি টুল। এটি ব্যবহারকারীকে অ্যাপ ব্যবস্থাপনা, চলতি সেবা ব্যবস্থাপনায় সাহায্য করে। উইন্ডোজ ১১-এর নতুন আপগ্রেডে আরও সহজ ও সুন্দর ইন্টারফেসে এসেছে টাস্ক ম্যানেজার।
ফোকাস সেশন
ফোকাস সেশন ফিচারটি অ্যালার্ম এবং ঘড়ি অ্যাপের আওতাভুক্ত। এটি ব্যবহারকারীর টু-ডু-লিস্টের সঙ্গে লিংক করতে সাহায্য করে। পাশাপাশি এটি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ কিংবা বিরতির সময়ও মনে করিয়ে দিতে পারে।
স্ন্যাপ লেআউট
উইন্ডোজ ১১-এর ২এইচ২২ আপগ্রেড একটি নতুন স্ন্যাপ লেআউট যুক্ত করেছে, এটি মাল্টি উইন্ডো মুডে দ্রুত নতুন অ্যাপ খুলতে সাহায্য করে। ফিচারটি ব্যবহার করার জন্য মাউস পয়েন্টার উইন্ডোর সর্বাধিক বোতামের ওপর হভার করতে হবে।
টিম চ্যাট ইন্টিগ্রেশন
উইন্ডোজ ১১-এর টাস্কবারের মধ্যেই মাইক্রোসফট টিমস রয়েছে। এটি ব্যবহারকারীকে বন্ধু, পরিবারসহ সহকর্মীদের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করে।
- বিষয় :
- উইন্ডোজ ১১
- উইন্ডোজ
- Windows 11
