ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিক্যুয়ালে বাজিমাত

সিক্যুয়ালে বাজিমাত
×

‘ফিমেল-৩’

ইলমা আজাদ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৬ জুলাই ২০২৩ | ০৪:২১

কয়েক বছর ধারাবাহিক নাটকের দর্শক খরা ছিল চোখে পড়ার মতো। এবারের ঈদ ধারাবাহিকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। সেদিক থেকে বেশিরভাগ একক নাটক ও টেলিছবি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বেশকিছু নাটক, টেলছবির নতুন পর্ব নির্মাণের অনুরোধ করতে দেখা গেছে দর্শকদের। আগের বছরগুলোর আলোচিত নাটক, টেলিছবি নিয়ে দর্শকের এমন অনুরোধ ছিল, যার পরিপ্রেক্ষিতে একাধিক নাটক, টেলছবির সিক্যুয়াল নির্মাণ করেছেন নির্মাতারা। পেয়েছেন সাফল্য। এবার ঈদেও তেমনই কিছু সিক্যুয়াল বাজিমাত করেছে।

টেলিভিশনে প্রচারের পর যেমন আলোচনা হয়েছে, তেমনি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে সিক্যুয়ালগুলো। সে তালিকায় শীর্ষে আছে এ সময়ের আলোচিত পরিচালক কাজল আরেফিন অমির ‘ফিমেল-৩’। ব্যাটারি গলি নামে পরিচিত একটি মহল্লার অবিবাহিত যুবকদের নানা কাণ্ডকারখানা নিয়ে গড়ে উঠেছে এর কাহিনি; যা আগের দুটি পর্বের মতোই সাড়া ফেলেছে দর্শকের মধ্যে। এরই মধ্যে কোটির কাছাকাছি ভিউ হয়েছে ‘ফিমেল-৩’-এর। শরাফ আহমেদ জীবন, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা, চাষী আলম, লামিয়া লামসহ এর প্রতিটি চরিত্রের অভিনেতা-অভিনেত্রী দর্শক প্রশংসা কুড়িয়েছেন।

একই নির্মাতার ঈদ নাটক ‘কিডনি’ ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে। টিভিতে প্রচারের পরও ইউটিউবে লাখের বেশি দর্শক নাটকটি দেখেছেন। এই নাটকেও অভিনয়ে দেখা গেছে জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, চাষী আলমকে। অভিনয়ে আরও ছিলেন পারসা ইভানা, বাপ্পী আশরাফ, আবদুল্লাহ রানা প্রমুখ। শীর্ষে থাকা সিক্যুয়াল নাটক, টেলিছবির মধ্যে আলোচনা ছিল ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ নিয়েও। এখন পর্যন্ত ৬০ লাখের বেশি ইউটিউব ভিউ হয়েছে এই টেলিছবির।

প্রশংসা শোনা গেছে আফরান নিশো, মেহজাবীন, খায়রুল বাশার, কাজী নওশাবা, সাহেদ আলীসহ এর অন্য শিল্পীদের অভিনয় নিয়েও। নির্মাতা মহিদুল মহিমের ‘কঞ্জুস ২’ নাটকের সিক্যুয়ালেও দর্শক সংখ্যা ৫০ লাখ অতিক্রম করেছে। এতে ভিন্নরূপে দর্শকের সামনে নিজেদের তুলে ধরেছেন অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী তানজিন তিশা। এদিকে এক পর্বের নাটক হলেও এরই মধ্যে সিক্যুয়াল নির্মাণের দর্শক অনুরোধ এসেছে ‘জায়গায় খায়, জায়গায় ব্রেক’ নাটক নিয়ে। নির্মাতা জাকিউল ইসলাম রিপনের এ নাটক অল্প সময়ের ব্যবধানে দর্শক ভিউয়ের নতুন রেকর্ডও গড়ে ফেলেছে। দর্শক হৃদয়ে আঁচড় কেটেছে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টিসহ এই নাটকের শিল্পীদের অভিনয়।

একই রকম দর্শক প্রত্যাশা চোখে পড়েছে ইমরাউল রাফাতের ‘কাছের মানুষ’ নাটকটি নিয়ে। ৩৫ লাখের বেশি ভিউ হওয়া নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব, তৌসিফ মাহবুব, তানিয়া বৃষ্টি প্রমুখ। ৩৫ লাখের বেশি ভিউ হওয়া ঈদের আরেকটি নাটক হলো ‘কাটুস কুটুস কুরবানী’। রাফাত মজুমদার রিংকু পরিচালিত এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েল। দর্শক ভিউয়ের দিক থেকে অল্প সময়ে অনেক নাটককেই পেছনে ফেলেছে পরিচালক মুহাম্মদ মিফতাহ্‌ আনানের ‘ঢাকাইয়া কুরবানী’ নাটকটি।

এ পর্যন্ত ইউটিউবে এই নাটকের ভিউ হয়েছে ৪০ লাখের বেশি। আলোচনায় এনেছে এই নাটকের দুই তারকা তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুবের অভিনয়। এ ছাড় দর্শক ভিউয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে তৌসিফ, নাজনিন নিহা অভিনীত ‘অনুরাগ’, মুশফিক আর ফারহান ও মারিয়া শান্তার ‘লাফাঙ্গা’, ‘নিলয়-হিমির ‘জমাই শ্বশুরের কুরবানী’সহ আরও বেশ কিছু নাটক ও টেলিছবি। 

আরও পড়ুন

×