অনলাইনে প্রাণের বাংলা ভাষা
২১ ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয় বরং আমাদের আত্মপরিচয়ের প্রতীক... ছবি :: চ্যাটজিপিটি ৫.২ ইমেজ মডেল দিয়ে তৈরি
আলাউদ্দিন আলাদিন
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:২৭
| প্রিন্ট সংস্করণ
২১ ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয় বরং আমাদের আত্মপরিচয়ের প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মূল লক্ষ্য ছিল মাতৃভাষার মর্যাদা রক্ষা। তবে আজকের চ্যালেঞ্জ কেবল ভাষাকে টিকিয়ে রাখা নয়, বরং বিশ্বায়নের যুগে প্রযুক্তি, জ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা। ইন্টারনেট, সামাজিক মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলার বিস্তার ও সম্ভাবনা নিয়ে লিখেছেন আলাউদ্দিন আলাদিন
এ কুশের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতি, ইতিহাস ও জাতীয় পরিচয়ের ভিত্তি। তাই ডিজিটাল বিশ্বে বাংলা ভাষার শক্ত অবস্থান নিশ্চিত করা আজকের প্রজন্মের দায়িত্ব। এই প্রেক্ষাপটে অনলাইনে জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম, স্বেচ্ছাসেবী এবং দেশীয় উদ্যোগ বাংলাকে নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়।
ডিজিটাল সময়ে বাংলা ভাষার অবস্থান
বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল পরিসরে ভাষার গুরুত্বও বেড়েছে বহুগুণ। একসময় অনলাইন জগৎ ছিল ইংরেজিকেন্দ্রিক। এখন সেই চিত্র বদলাচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলা ভাষাভাষীদের সক্রিয় অংশগ্রহণে ইন্টারনেটে বাংলার উপস্থিতি দৃশ্যমানভাবে বিস্তৃত হয়েছে। সামাজিক মাধ্যম, অনলাইন সংবাদপোর্টাল, ভিডিও কনটেন্ট ও ব্লগিং প্ল্যাটফর্ম–সবখানেই এখন বাংলার ব্যবহার বাড়ছে। বিশেষ করে স্মার্টফোন ও মোবাইল ইন্টারনেটের সহজলভ্যতা গ্রাম থেকে শহর পর্যন্ত বাংলা ভাষায় কনটেন্ট তৈরির সুযোগ তৈরি করেছে। ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও, টিকটক কনটেন্ট কিংবা অনলাইন সংবাদ–এখন ডিজিটাল যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, ই-কমার্স এবং অনলাইন শিক্ষার ক্ষেত্রেও বাংলা ভাষার ব্যবহার বেড়েছে। স্থানীয় উদ্যোক্তারা বাংলা ভাষায় ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করছেন, যাতে সাধারণ ব্যবহারকারীরা সহজে সেবা গ্রহণ করতে পারেন। সরকারি বিভিন্ন সেবাও এখন ধীরে ধীরে বাংলা ইন্টারফেসে রূপান্তরিত হচ্ছে, যা ডিজিটাল অন্তর্ভুক্তিকে শক্তিশালী করছে।
উদ্ভাবনী উদ্যোগ ও স্বেচ্ছাসেবী প্রচেষ্টা
তবে চ্যালেঞ্জও রয়েছে। মানসম্মত ও তথ্যসমৃদ্ধ বাংলা কনটেন্টের ঘাটতি, প্রযুক্তিগত পরিভাষার অভাব এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলার সীমিত প্রতিনিধিত্ব–এসব বিষয় এখনও বড় বাধা। তবুও তরুণ প্রজন্মের উদ্ভাবনী উদ্যোগ ও স্বেচ্ছাসেবী প্রচেষ্টায় বাংলা ভাষা ডিজিটাল বিশ্বে ক্রমেই নিজের জায়গা তৈরি করছে। একুশের চেতনা নতুনভাবে প্রতিফলিত হচ্ছে অনলাইন জগতে; যেখানে বাংলা শুধু আবেগের ভাষা নয়, জ্ঞান ও প্রযুক্তির ভাষা হিসেবেও প্রতিষ্ঠা পাচ্ছে।
উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া
উইকিপিডিয়ায় এখন ৩০০-এর বেশি ভাষা সংস্করণ রয়েছে। ২০০১ সালের ১৫ জানুয়ারি ইংরেজি উইকিপিডিয়া যাত্রা শুরু করে। এটি প্রতিষ্ঠা করেন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা জিমি ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার। ২০০৪ সালে বাংলাসহ আরও প্রায় ৫০টি ভাষা এতে যুক্ত হয়। ২০০৫ সালে ১০০টি ভাষায় চালু হয়। ২০০৩ সালের ৯ ডিসেম্বর বাংলা উইকিপিডিয়া তৈরির অনুরোধ করে প্রথম জিমি ওয়েলসের কাছে ই-মেইল করেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের পিএইচডিরত বাংলাদেশি শিক্ষার্থী শাহ আসাদুজ্জামান। পরের বছরের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলা উইকিপিডিয়া চালু হওয়ার পর লিখিত প্রথম নিবন্ধ ‘বাংলা ভাষা’, যা ২৪ মে ২০০৪ সালে একটি আইপি ঠিকানা থেকে একজন অনিবন্ধিত ব্যবহারকারী তৈরি করেছিলেন।
নতুন গন্তব্যের পথে
২০০৪ সালের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরুর পর উইকিপিডিয়ার প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ তেমন ছিল না বললেই চলে। কেউ উইকিপিডিয়া ব্যবহার করলেও তখন ইংরেজি উইকিপিডিয়াই ব্যবহার করেতন। ২০০৬ সাল থেকে বাংলা উইকিপিডিয়ার দৃশ্যপট বদলে যেতে থাকে। সে বছর দেশব্যাপী উইকিপিডিয়া জনপ্রিয় করতে বাংলাদেশের উইকিপিডিয়ানরা এক হতে শুরু করেন ও বিভিন্ন কার্যক্রম শুরু করেন। লক্ষ্য ছিল উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ও বাংলা ভাষায় একটি সম্পূর্ণ উন্মুক্ত বিশ্বকোষ গড়ে তোলা। বাংলা উইকিপিডিয়ায় তখন মাত্র ৫০০ নিবন্ধ ছিল। ২০০৯-২০১০ সালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকেও বাংলা ভাষাভাষীরা বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করেন।
বিকল্প প্ল্যাটফর্ম গঠনে নতুন উদ্যোগ
বিশ্বব্যাপী সামাজিক মাধ্যম ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর আধিপত্যের মাঝেও দেশীয় ও মূল্যবোধকেন্দ্রিক বিকল্প প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এই প্রেক্ষাপটে সফটওয়্যার প্রকৌশলী ওমর আল জাবির সম্প্রতি ফেসবুকের বিকল্প হিসেবে ‘হিকমাহ’ এবং ইউটিউবের বিকল্প হিসেবে ‘মাহফিল’ নামের দুটি প্ল্যাটফর্ম চালু করেছেন।
কেন দরকার নিজস্ব বাংলা প্ল্যাটফর্ম?
ডিজিটাল বিশ্বে ভাষার উপস্থিতি শুধু আবেগের বিষয় নয়, এটি কৌশলগতও। এ কারণেই নিজস্ব বাংলা প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এছাড়া প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের দিক থেকেও নিজস্ব প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ।
ভাষার জন্য আপনার অবদান
ভাষার মাসে আপনি যদি বাংলার জন্য কিছু অবদান রাখার চিন্তা করেন ও বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখেন, তা শতাব্দী ধরেই ইন্টারনেটে বিচরণ করবে। অবশ্যই এটা আপনার এবং আপনার সন্তানরা ব্যবহার করতে পারে। আপনার জ্ঞান ইন্টারনেটে থাকবে ও হাজার হাজার মানুষ এটা পড়বে, এরচেয়ে ভালো অনুভূতি কিছুই হতে পারে না। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেমন মঙ্গল, তেমনি মঙ্গল বাংলা ভাষার জন্যও!
