ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভেজালের ভিড়ে খাঁটি মধু চিনবেন কীভাবে?

ভেজালের ভিড়ে খাঁটি মধু চিনবেন কীভাবে?
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১২:৫৫ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১৪:৩৮

মধুকে চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ধরা হয়। স্বাস্থ্যের কথা চিন্তা করে যারা চিনি খাওয়া বাদ দেন, তারা ফিরে যান মধুতে। ওজন কমাতে সকালে অনেকেই ঈষদুষ্ণ পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেয়ে থাকেন। শিশুদেরও মধু খাওয়ানো হয়। কিন্তু বাজারে যেসব মধু পাওয়া যায়, সেসব খাঁটি নয়। 

ভারতীয় গণমাধ্যম 'আনন্দবাজার পত্রিকা'র এক প্রতিবেদনে বলা হয়েছে, মধুতে কর্ন সিরাপ, বিটের রস, চিনি, সুজি মিশিয়ে আসল মধুর মতো ঘনত্ব তৈরির চেষ্টা করা হয়। কিছু ক্ষেত্রে মধুতে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও অ্যামাইনো অ্যাসিড মেশানো হয়। মধুতে বিভিন্ন ধরনের খনিজ লবণও মেশানো হয়। তাই মধু কেনার আগে তা খাঁটি কিনা যাচাই করে নিন। 

খাঁটি মধু চেনার উপায়
•    এক গ্লাস পানিতে এক চামচ মধু দিন। খাঁটি মধু ঘন, তা সহজে পানিতে মিশে যাবে না। গ্লাসের নিচে জমাট বেঁধে থাকবে। যদি মধু পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির রং ঘোলাটে হতে থাকে, তাহলে বুঝতে হবে চিনি বা সিরাপ মেশানো আছে।
•    খাঁটি মধুর ঘনত্ব অনেক বেশি হয়। চামচ দিয়ে তুললে থকথকে হয়ে চামচে লেগে থাকবে। আঙুলের ডগায় সামান্য মধু নিন। খাঁটি মধু দলা বা পিণ্ডের মতো হয়ে থাকবে, গড়িয়ে পড়বে না।
•    একটি টিস্যু পেপারের উপরে কয়েক ফোঁটা মধু দিন। খাঁটি মধু পানি শোষণ করে না। তাই সেটি পেপারের উপরেই লেগে থাকবে। যদি দেখেন মধু দেওয়ার পরে পেপারটি ভিজে যাচ্ছে ও মধু নিচে গড়িয়ে পড়ছে, তাহলে বুঝতে হবে তাতে ভেজাল মেশানো আছে।
•    এক চামচ মধু এবং সামান্য পানি মিশিয়ে তাতে ২-৩ ফোঁটা ভিনেগার দিন। যদি মিশ্রণটি ফেনা তৈরি করে, তবে বুঝতে হবে মধুতে চক বা জিপসাম মেশানো হয়েছে। এটি অত্যন্ত বিপজ্জনক।
•    একটি ছোট কাঁচের পাত্রে সমপরিমাণ মধু এবং মিথাইলেটেড স্পিরিট বা অ্যালকোহল মিশিয়ে দেখতে পারেন। যদি মধু খাঁটি হয়, তবে এটি পাত্রের নিচে জমাট বেঁধে পড়ে থাকবে। যদি মধুতে ভেজাল থাকে, তবে পুরো মিশ্রণটি সাদা বা ঘোলাটে রঙের হয়ে যাবে।

আরও পড়ুন

×