ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রমজান মাসে ত্বকের যত্নে কী ধরনের খাদ্যাভ্যাস দরকার

রমজান মাসে ত্বকের যত্নে কী ধরনের খাদ্যাভ্যাস দরকার
×

 ডা. লুবনা খন্দকার

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ০৯:৩৩

| প্রিন্ট সংস্করণ

রমজান একটি পবিত্র মাস। মুসলিম ধর্মাবলম্বীরা এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। দীর্ঘ সময় দেহে পানিশূন্যতার কারণে ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি উজ্জ্বলতাও হারায়। চোখের চারপাশেও কালো দাগ দৃশ্যমান হয়। পবিত্র রমজান মাসে ত্বকের যত্নে সঠিক খাদ্যাভ্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
১. এ মাসে খাবার খাওয়া উচিত স্বাভাবিকের থেকে পরিমাণে কম, কিন্তু খাদ্যতালিকার প্রধান উপাদানসহ সুষম খাবার হতে হবে। 
২. ⁠কিছু ফলমূল আছে, যেমন– খেজুর, স্ট্রবেরি, ব্লুবেরি; এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে। এগুলো ত্বক ভালো রাখে। এ জন্য ইফতারে খাওয়া উচিত।
৩. ⁠রমজান মাসে রোজাদার ব্যক্তিদের ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি (ছয় থেকে আট গ্লাস) পান করা উচিত। একবারে বেশি পানি পান না করে দুই-এক ঘণ্টা পরপর পরিমিত পরিমাণে পানি পান করা উচিত। পানি ছাড়াও পানিজাতীয় খাবার, যেমন– শরবত, ডাবের পানি, ফলের রস, দুধ এবং স্যুপজাতীয় খাবার খাওয়া যেতে পারে। এগুলো ত্বককে পানিশূন্য হতে বাধা দেয়।
৪. ⁠ইফতারে কাজুবাদাম বা নাটজাতীয় খাবার  থাকা উচিত। কারণ এসব খাবারে প্রচুর আমিষ, ফ্যাটি এসিড এবং ফাইবার থাকে, যা শুষ্ক ত্বক রিপিয়ারে সাহায্য করে এবং ত্বকের গ্লো বা উজ্জ্বলতা মেইনটেইন করে।
৫. ⁠ইফতারে তরমুজ, পাকা পেঁপে, কমলালেবু, আঙুর, কলা, অ্যাভোকাডো, শসা, গাজর, লেবু, মধু, দই, ছোলা থাকা উচিত। কারণ, এসব খাবার শুষ্ক ত্বক রিপিয়ারে সাহায্য 
করে এবং ত্বকের গ্লো বা উজ্জ্বলতা মেইনটেইন করে।
৬. ⁠ইফতারের পর থেকে সাহ্‌রির মধ্যবর্তী সময় ক্যাফেইন সমৃদ্ধ ড্রিংকস, যেমন– চা, কফি কম খাওয়া উচিত, এগুলো অধিক ইউরিন তৈরির মাধ্যমে দিনের বেলায় শরীরে বেশি পানিশূন্যতা তৈরি করে।
৭. ⁠রমজান মাসে রোজাদার ব্যক্তিদের রাতের খাবারে আমিষসমৃদ্ধ খাবার, যেমন– মুরগির মাংস, মাছ বা ডিমের সঙ্গে টমেটো, ব্রকলি, দই, লেবু থাকা উচিত। এই খাবারগুলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
লেখক : সহযোগী অধ্যাপক, চর্ম ও যৌন রোগ বিভাগ, আলোক হেলথকেয়ার।

আরও পড়ুন

×