ডেঙ্গু চিকিৎসায় উপজেলা হাসপাতালে হচ্ছে আলাদা কর্নার
সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৭:৪০
ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই রোগটি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার চালু করা হচ্ছে। একই সঙ্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি প্রয়োজন হলে দেশের বিভিন্ন এলাকাতেও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডা. হালিমুর রশীদ, হাসপাতাল বিভাগের পরিচালক ডা. এএইচএম মইনুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী বলেন, এখনই দু–একজন করে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এটি ডেঙ্গুর সময় হওয়ায় আমরা কোনো ধরনের কালক্ষেপণ করতে চাই না। ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসক ও নার্সদের ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ কাজে সোসাইটি অব মেডিসিন নেতৃত্ব দেবে। আগামীকাল (মঙ্গলবার) থেকে দেশের সাতটি বিভাগ ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাও এতে সহায়তা করবে।
তিনি বলেন, ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় রিএজেন্ট, পরীক্ষার কিট এবং ফ্লুইড স্যালাইনের একটি মজুত রয়েছে। তবে সম্ভাব্য চাহিদা বিবেচনায় আরও পর্যাপ্ত পরিমাণে এসব উপকরণ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেঙ্গুর উৎসস্থল নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে দুই মাস আগে থেকেই সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) আবারও সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় ডেঙ্গু পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা সহজ করতে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালুর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ডেঙ্গু বিষয়ে গবেষণা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে আগাম প্রস্তুতি, রোগ শনাক্তকরণ, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, মৌসুমের শুরুতেই সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ডেঙ্গুর সম্ভাব্য প্রভাব নিয়ন্ত্রণে রাখা।
