ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫ হাজার

আরও একজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়াল  ৫ হাজার
×

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু শনাক্ত রোগী বেড়ে পাঁচ হাজার ৩৯ জনে দাঁড়িয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার ডেঙ্গুতে দুজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ১৬ জন করে মোট ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪, ঢাকা বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৯, সিলেট বিভাগে ৩ এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে ভর্তি হয়েছেন। 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুজন এবং বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন চার হাজার ৬৯২ জন।
বাংলাদেশে সাধারণত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় জুলাই থেকে অক্টোবর পর্যন্ত।  তবে সাম্প্রতিক বছরগুলোয় জলবায়ু পরিবর্তনের ও দ্রুত নগরায়ণের কারণে এখন সংক্রমণ শুরু হয় আগেভাগেই। 

আরও পড়ুন

×