ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উপজেলা পর্যায়ে এআই দিয়ে ক্যানসার শনাক্তের পরিকল্পনা

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা পর্যায়ে এআই দিয়ে ক্যানসার শনাক্তের পরিকল্পনা
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৫:৫৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং ও পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার।

গতকাল বুধবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে ‘ন্যাশনাল হেলথ প্রোটেকশন অথরিটি ইন বাংলাদেশ: ডিজাইন অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাসপেক্টস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। তবে একসঙ্গে সব পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন। এ কারণে অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এ লক্ষ্যে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিমা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিকিৎসাব্যয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষকে নিজের পকেট থেকে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এতে তাঁরা আর্থিক দুর্ভোগে পড়েন, যা অত্যন্ত বেদনাদায়ক। মানুষের চিকিৎসাব্যয় কমাতে স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিমা ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন।

নারীদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, গর্ভকালীন সময়ে মা ও নারীরা যাতে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি বা হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে এআই প্রযুক্তির সহায়তায় স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং ও পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। কম খরচে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে এ সেবা চালু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জ দূর করতে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। দেশের প্রতিটি স্তরে পর্যায়ক্রমে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×