ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিনেমায় এআই ব্যবহার নিয়ে ভয় নেই, এটি কেবল একটি টুলস: পিটার জ্যাকসন

সিনেমায় এআই ব্যবহার নিয়ে ভয় নেই, এটি কেবল একটি টুলস: পিটার জ্যাকসন
×

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে সম্মানসূচক পাম দ’র গ্রহণ করছেন পিটার জ্যাকসন। পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন এলাইজা উড।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৮:৩৪ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১৮:৩৭

বিশ্ববিখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন মনে করেন, চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে অতিরিক্ত ভয় পাওয়ার কিছু নেই। তাঁর ভাষায়, ‘ঠিকভাবে ব্যবহার করা হলে এআইও অন্য সব প্রযুক্তির মতোই একটি টুল।’

কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম দ’র গ্রহণ করতে এসে এক আলোচনায় এ মন্তব্য করেন ‘লর্ড অব দ্য রিংস’খ্যাত এই অস্কারজয়ী নির্মাতা। চলচ্চিত্রে এআই ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে নির্মাতার কল্পনাশক্তি ও সৃজনশীলতার ওপর।

জ্যাকসন বলেন, ‘এআই দিয়ে বানানো কিছু চলচ্চিত্র অসাধারণ হবে, আবার একই প্রযুক্তি ব্যবহার করেও কেউ খুব খারাপ সিনেমা বানাবে। সাধারণ চলচ্চিত্রের ক্ষেত্রেও তো এমনটাই হয়।’

এআই প্রযুক্তির তুলনা করতে গিয়ে তিনি পুরোনো স্টপ-মোশন প্রযুক্তির উদাহরণ টানেন, যেটি ব্যবহার করে তৈরি হয়েছিল ক্লাসিক ‘কিং কং’ কিংবা রে হ্যারিহাউজেনের বিখ্যাত ফ্যান্টাসি সিনেমাগুলো। তাঁর মতে, আগে যেমন একজন শিল্পী হাতে রাবারের পুতুল নাড়িয়ে দৃশ্য তৈরি করতেন, এখন কেউ কম্পিউটারে এআই সফটওয়্যার ব্যবহার করে নতুন ভিজ্যুয়াল তৈরি করলে তাতে আপত্তির কিছু নেই।

মঙ্গলবার কান উৎসবের উদ্বোধনী আয়োজনে সম্মানসূচক পাম দ’র গ্রহণ করেন পিটার জ্যাকসন। সেখানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন ‘লর্ড অব দ্য রিংস’-এ ফ্রোডো চরিত্রে অভিনয় করা এলাইজা উড। পরদিন এক আলোচনায় অংশ নিয়ে জ্যাকসন তাঁর ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনায় উঠে আসে তাঁর শুরুর দিকের সিনেমা ‘ব্যাড টেস্ট’, ‘মিট দ্য ফিবলস’, ‘ব্রেইনডেড’, পরে ‘লর্ড অব দ্য রিংস’ ও ‘হবিট’ ট্রিলজি নির্মাণের অভিজ্ঞতা। একই সঙ্গে তিনি কথা বলেন ‘দ্য বিটলস: গেট ব্যাক’-এর মতো সাম্প্রতিক ডকুমেন্টারি নিয়েও।

আলোচনার এক পর্যায়ে এলাইজা উডকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন জ্যাকসন। তিনি জানান, ‘লর্ড অব দ্য রিংস’ নির্মাণের সময় প্রতিদিন শুটিং সেটে যাওয়ার পথে তিনি ভীষণ দুশ্চিন্তায় থাকতেন। এত বড় বাজেট ও জটিল প্রযুক্তির কাজ কীভাবে শেষ করবেন, সেই চাপ তাঁকে কাবু করে ফেলত।

তবে সেই কঠিন সময়ে এলাইজা উডের ইতিবাচক মনোভাব তাঁকে ভীষণ সাহায্য করেছে বলে জানান নির্মাতা।জ্যাকসনের ভাষায়, আমি যতই হতাশ হয়ে সেটে পৌঁছাতাম, এলাইজা সবসময় হাসিমুখে বলত- ‘চলুন, কাজ শুরু করি।’ তার সেই প্রাণবন্ত উপস্থিতি আমাকে অনেক সাহস দিয়েছে।

এআই প্রসঙ্গে নিজের অবস্থান আরও পরিষ্কার করে জ্যাকসন বলেন, এটি বিশ্ব ধ্বংসের মতো আশঙ্কার নয়। আমার কাছে এআই কেবল একটি স্পেশাল ইফেক্ট, এর বেশি কিছু নয়।

তবে একটি বিষয়ে তিনি কড়া অবস্থানের কথাও জানান। কোনো অভিনেতার অনুমতি ছাড়া তাঁর মুখাবয়ব বা পরিচয় এআইয়ের মাধ্যমে ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন তিনি।

জ্যাকসন বলেন, ‘যেমন কোনো গান চলচ্চিত্রে ব্যবহার করতে হলে তার স্বত্ব নিতে হয়, কিংবা বই অবলম্বনে সিনেমা বানাতে হলে অনুমতি লাগে- ঠিক তেমনি কোনো অভিনেতার মুখ এআই দিয়ে ব্যবহার করতে হলেও তাঁর বা তাঁর পরিবারের অনুমতি থাকতে হবে।’

আরও পড়ুন

×