ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কানে আজগর ফারহাদির ‘প্যারালাল টেলস’, টানা সাড়ে পাঁচ মিনিট করতালি

কানে আজগর ফারহাদির ‘প্যারালাল টেলস’, টানা সাড়ে পাঁচ মিনিট করতালি
×

কানের লাল গালিচায় ইরানি নির্মাতা আসগর ফারহাদির সঙ্গে ‘প্যারালাল টেলস’সিনেমার অভিনয়শিল্পীরা।

অনিন্দ্য মামুন

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৮:৪৬ | আপডেট: ১৫ মে ২০২৬ | ১৮:৪৮

ফ্রান্সের সমুদ্রঘেঁষা ছোট্ট শহর এখন বিশ্ব সিনেমার মিলনমেলা। আলো ঝলমলে লালগালিচা, ক্যামেরার ঝলকানি, বিশ্বের সেরা নির্মাতা ও তারকাদের পদচারণায় মুখর পুরো শহর। এবার ৭৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থতম রাতে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ইরানি চলচ্চিত্রের জাদুকর আসগর ফারহাদি।

বৃহস্পতিবারে কান উৎসবের ঐতিহ্যবাহী গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ফারহাদির নতুন সিনেমা প্যারালাল টেলস (ইস্তোয়ার প্যারালেল) প্রদর্শিত হয়। উৎসবে দুই ঘণ্টা বিশ মিনিটের ছবিটি শেষ হতেই ধীরে ধীরে জ্বলে ওঠে হলের আলো। তারপরই যেন শুরু হয় আরেক দৃশ্য।

পুরো হল দাঁড়িয়ে পড়ে করতালিতে। টানা পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড ধরে চলতে থাকে সেই অভিবাদন। দর্শকদের দিকে হাসিমুখে চুম্বন ছুড়ে দেন ফারহাদি। কখনও আলিঙ্গন করেন ক্যাথরিন দেন্যুভকে, কখনও ভার্জিনি এফিরাকে। তার পাশেই উজ্জ্বল লাল গাউনে দাঁড়িয়ে ছিলেন ছবির প্রধান অভিনেত্রী ইসাবেল উপের। 

ফারহাদির সিনেমা বরাবরই মানুষের ভেতরের অন্ধকার, অপরাধবোধ, সম্পর্কের ভাঙন আর বাস্তবতার অস্পষ্টতা নিয়ে কথা বলে। প্যারালাল টেলসও যেন সেই পরিচিত জগতেই নতুন করে মনে করিয়ে দিয়েছে উপস্থিত সবাইকে। গল্পে দেখা যায় কয়েকজন কৌতূহলী প্রতিবেশী, যারা অন্যের জীবনে উঁকি দিতে দিতে একসময় নিজেরাই জড়িয়ে পড়ে অদ্ভুত এক বাস্তবতায়। ছবির কেন্দ্রীয় চরিত্র সিলভি-একজন লেখক। নতুন উপন্যাসের উপাদান খুঁজতে গিয়ে তিনি মানুষের ব্যক্তিগত জীবনের গোপন জানালায় চোখ রাখেন। আর সেখান থেকেই ধীরে ধীরে খুলে যায় গল্পের স্তর।

এই ছবিতে ফারহাদির সঙ্গে যোগ দিয়েছেন ফরাসি সিনেমার শক্তিশালী সব অভিনয়শিল্পী-ভিনসেন্ট ক্যাসেল, পিয়ের নিনে, অ্যাডাম বেসা এবং কিংবদন্তি ক্যাথরিন দেন্যুভ। সিনেমাটি এবার প্রতিযোগিতা করছে উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘পাম দ’র-এর জন্য।

কান উৎসবের সঙ্গে ফারহাদির সম্পর্কও যেন বহুদিনের। ‘দ্য সেলসম্যান’ তাঁকে এনে দিয়েছিল সেরা চিত্রনাট্যের পুরস্কার, ‘আ হিরো’ জিতেছিল গ্রাঁ প্রি। আর অস্কারের মঞ্চে ‘আ সেপারেশন’ ও ‘দ্য সেলসম্যান’ তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্ব চলচ্চিত্রের শীর্ষ সারিতে।

গত ২০২৩ সাল থেকে ইরানের বাইরে বসবাস করছেন আসগর ফারহাদি। বাধ্যতামূলক হিজাব নীতির কারণে তিনি প্রকাশ্যে ইরানের সাংস্কৃতিক নীতির সমালোচনা করেছেন। সম্প্রতি যুদ্ধ ও মানবিক সংকট নিয়েও সরব হয়েছেন এই নির্মাতা। তবে রাজনীতি ও বিতর্কের বাইরে, কান উৎসবের মঞ্চে এবারও শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেল তাঁর সিনেমাই।

কানের এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে রয়েছে একাধিক বহুল প্রতীক্ষিত সিনেমা। উৎসবের লালগালিচায় হাজির হয়েছেন ভিন ডিজেল, কেট ব্ল্যানচেট, রবার্ট ডি নিরোসহ বিশ্ব চলচ্চিত্রের অসংখ্য তারকা।
১৯৪৬ সালে যাত্রা শুরু করা কান চলচ্চিত্র উৎসবকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর মে মাসে ফ্রান্সের কান শহরে বসে এই আয়োজন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র, নির্মাতা ও শিল্পীরা অংশ নেন। শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, বিশ্ব সিনেমার ভবিষ্যৎ প্রবণতা, রাজনীতি, সংস্কৃতি ও শিল্পভাবনারও গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয় এ উৎসব।

আরও পড়ুন

×