ডেল্টা লাইফের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৩:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্সুরেন্স ২০২৫ সালের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ সুপারিশ করেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ৩ টাকা ৫০ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন সকাল ১১টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।
এদিকে লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা বা সার্কিট ব্রেকার থাকছে না। ফলে এদিন বাজার চাহিদা ও সরবরাহের ভিত্তিতে শেয়ারটির দাম স্বাভাবিক সীমার বাইরে ওঠানামা করতে পারবে। লভ্যাংশ ঘোষণার পর আজ ডেল্টা লাইফের শেয়ারের দর বেড়েছে।
