ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশের অর্থনীতি এখনও ভঙ্গুর: এমসিসিআই

দেশের অর্থনীতি এখনও ভঙ্গুর: এমসিসিআই
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৪:৪৫ | আপডেট: ১২ মে ২০২৬ | ১৫:৫৩

দেশের অর্থনীতি এখনও ভঙ্গুর ও অসম পুনরুদ্ধারের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এমসিসিআই)। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ পর্যালোচনা প্রতিবেদনে (জানুয়ারি-মার্চ) বলা হয়েছে, এ বছরের মার্চ মাস শেষে দেশের অর্থনীতিতে নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক খাতে চাপ অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষদিকে রাজনৈতিক পরিবর্তনের পর যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা কিছুটা কমেছে। তবে উচ্চ জীবনযাত্রার ব্যয়, শিল্প খাতের দুর্বল কার্যক্রম এবং বেসরকারি খাতের সতর্ক অবস্থানের কারণে অর্থনৈতিক গতি এখনও সীমিত রয়েছে।

এমসিসিআই জানায়, চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে দুর্বল রপ্তানি প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী ছিল। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ও কঠোর ঋণনীতির প্রভাবে অভ্যন্তরীণ চাহিদা ও ব্যবসায়িক কার্যক্রমও চাপের মুখে পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে আমদানি ব্যয় বেড়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ পরিবহনে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। এতে বাংলাদেশের বৈদেশিক লেনদেন পরিস্থিতি ও মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

তবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সহায়তা করেছে এবং বাণিজ্য ঘাটতি বাড়লেও বৈদেশিক খাতে কিছুটা স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রেখেছে।

এমসিসিআই বলেছে, সামষ্টিক অর্থনীতির কিছু সূচকে ধীরে ধীরে উন্নতির আভাস থাকলেও পুনরুদ্ধার এখনও নাজুক অবস্থায় রয়েছে। দেশীয় ও বৈশ্বিক উভয় ধরনের ঝুঁকির মধ্যেই অর্থনীতি পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

×