পাকিস্তান-বাংলাদেশের মুসলিমদের ছুড়ে ফেলা উচিত: শিবসেনা
উদ্ধব ঠাকরে-ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০২:২৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০২:২৬
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে গোটা ভারত যখন বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল, ঠিক এই সময় বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছে শিবসেনা।
শনিবার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শিবসেনা বলেছে, ‘পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিমদের এ দেশ থেকে বাইরে ছুড়ে ফেলা উচিত এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ’
দু’দিন আগে পুনেতে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের মুখে একই কথা শোনা গিয়েছিল। ওইদিন তিনি বলেন, ‘ভারত ধর্মশালা নয়। মানবতার চুক্তি করেনি দেশ।’
রাজের সেই মন্তব্যের জন্য তাকে আক্রমণ করতে গিয়ে প্রায় একই সুরে কথা বলে রীতিমতো বেকায়দায় পড়েছে শিবসেনা।
তবে শিবসেনা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধানকে কটাক্ষও করেছে। তারা বলেছে, যে দল মাসখানেক আগেই সিএএ’র বিরোধিতা করছিল, এখন তারাই নিজেদের রং বদলে ফেলেছে। কিন্তু শিবসেনা কখনওই হিন্দুত্বের আদর্শকে জলাঞ্জলি দেয়নি।
শিবসেনা আরও বলে, ১৪ বছর আগে রাজ ঠাকরে মারাঠা আদর্শ নিয়ে তার দল গড়ে তুলেছিলেন। কিন্তু এখন রাজনৈতিক স্বার্থে সেই আদর্শ থেকে সরে এসে হিন্দুত্বের লাইন ধরেছেন এবং বিজেপির সুরেই কথা বলছেন। কিন্তু এমন রং বদলালে যে শেষ পর্যন্ত কোনো লাভই হবে না রাজের, সে হুঁশিয়ারিও দিয়েছে শিবসেনা।
সিএএ নিয়ে বিজেপিকেও নিশানা করে শিবসেনা বলে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। সিএএ-তে শুধু মুসলিমরাই ক্ষতিগ্রস্ত হবেন না, ৩০-৪০ শতাংশ হিন্দুরাও প্রভাবিত হবেন।
- বিষয় :
- সংশোধিত নাগরিকত্ব আইন
- শিবসেনা
- সমালোচনা
