২৪ হাজার চিঠি নিজের কাছে রেখেছিলেন পোস্টম্যান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৩:৫৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০৪:৪৬
প্রাপকের কাছে চিঠি পৌঁছে দেওয়া পোস্টম্যানের কাজ হলেও এমন এক পোস্টম্যানের সন্ধান পাওয়া গেছে যিনি চিঠিগুলো তাদেরকে না দিয়ে নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছেন বছরের পর বছর।
ঘটনাটি ঘটেছে জাপানের ইকোহামাতে। দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী টোকিয়ের অদূরে গানাওয়াতে নিজ বাড়িতে ওই পোস্টম্যান ২৪ হাজার চিঠি লুকিয়ে রাখেন।
কারণ হিসেবে ৬১ বছর বয়সী ওই পোস্টম্যান জানিয়েছেন, চিঠি বিলি অত্যন্ত বিরক্তিকর লাগায় সেগুলো নিজের বাসায় রেখে দিয়েছিলেন তিনি। এজন্য অবশ্য নিজেকে কম কর্মক্ষম বলে মনে করেন না তিনি।
ঘটনা জানা জানির পর ইকোহামা পোস্ট অফিস কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেছে। সেই সঙ্গে চিঠিগুলো প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, ২০০৩ সাল থেকে ওই পোস্টম্যান বিলি না করে চিঠি নিজের কাছে রাখতে শুরু করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বছর পেরিয়ে গেলেও পোস্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি টের পায় গত বছর। পোস্ট অফিসের যে শাখায় ওই পোস্টম্যান কাজ করতেন সেখানে কাগজপত্রে কিছু অসামাঞ্জস্য ধরা পড়ে। এরপর ঘটনা যাচাই করে অভিযুক্ত ব্যক্তিকে বরখাস্ত করা হয়।
পোস্ট অফিস কর্তৃপক্ষ এরপর ২০১৭ ফেব্রুয়ারি থেকে ২০১৯ এর নভেম্বর পর্যন্ত ১ হাজার চিঠি পাওয়া যাচ্ছে না মর্মে মামলা দায়ের করে। এরপরই পুলিশি অভিযান শুরু হয়। বিবিসি জানিয়েছে, যদি ওই পোস্টম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তার সর্বোচ্চ তিন বছরের জেল বা ৫ লাখ ইয়েন জরিমানা হতে পারে।
